ঘূর্ণিঝড় ‘আকভানে’ পরিণত হয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ। এটি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আগামী শুক্রবার সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। গতকাল সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণকেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব আভাস দেওয়া হয়। আকভান ইরানের দেওয়া নাম, যার অর্থ রাক্ষস। খবর বিডিনিউজের।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের ক্ষেত্রে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানোর কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।



