কক্সবাজারের উখিয়ায় পাখি শিকারে ব্যবহৃত ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ করেছে বন বিভাগ। ওই সময় ধ্বংস করা হয় পাখি শিকারের শতাধিক ফাঁদ ঘর। উদ্ধার করা হয় ফাঁদে আটকে রাখা ৮টি জীবিত বক। গতকাল সোমবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার মাছকারিয়া বিলে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের অধীন উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান। তিনি জানান, শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে উখিয়ার মাছকারিয়া এলাকার শাপলাবিল। বিলটিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা নানা প্রজাতির পাখির বিচরণে জলাভূমিগুলোতে তৈরি হচ্ছে প্রাণচাঞ্চল্য। কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যের আড়ালেই সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি পাখি শিকারিরা। তিনি বলেন, গত কয়েকদিন ধরে অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে শিকারিরা বিলের বিভিন্ন স্থানে জাল, কৃত্রিম বক ও ফাঁদ পেতে শিকারের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় বন বিভাগের কর্মীরা। এমন পরিস্থিতিতে সোমবার সকালে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান চালায় বন বিভাগ। অভিযানে ঘটনাস্থলে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে মৌসুমী পাখি শিকারিরা পালিয়ে যায়।
পরে বিলটির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে শিকার কাজে ব্যবহৃত ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। ওই সময় বিলে পেতে রাখা পাখি শিকারের শতাধিক ফাঁদ ঘর ধ্বংস করা হয়। উদ্ধার করা হয় ফাঁদে আটকে রাখা ৮টি জীবিত বক। জীবিত উদ্ধার করা বকগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং জব্দ করা কৃত্রিম বক, জাল ও ফাঁদ ঘরগুলো ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
অতিথি পাখি শিকার বন্ধ এবং জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বন কর্মকর্তা আব্দুল মান্নান।











