পটিয়ায় বাস-বাইক সংঘর্ষে প্রবাসী যুবক নিহত, বন্ধু আহত

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

পটিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ফারেজ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রামিম (২১) গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারেজ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহেবী পাড়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি প্রবাসী ছিলেন বলে জানা যায়। আহত রামিম একই ইউনিয়নের নয়ার পাড়ার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় পৌঁছালে চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক ফারেজ। গুরুতর আহত হন তার বন্ধু রামিম। প্রত্যক্ষদর্শীরা জানান, রামিমের মাথা, মুখমণ্ডল ও বুকে আঘাত লেগেছে। প্রথমে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের এক আরোহীকে মৃত অবস্থায় দেখতে পাই। আহত অপর আরোহীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া হাইওয়ে থানার ইনচার্জ শাখায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধফেসবুক স্ট্যাটাস থেকে সংঘর্ষ, শেষ পর্যন্ত প্রাণহানি