দক্ষিণ কোরিয়ায় কর হিসাবরক্ষক হওয়ার জাতীয় পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে প্রথম হওয়া এক পরীক্ষার্থী শেষ পর্যন্ত নিজের অপরাধ স্বীকার করেছেন। গতকাল রোববার এ তথ্য প্রকাশ পায়, যার মধ্য দিয়ে এতদিন ধরে চলা গুঞ্জন ও সংশয়ের সত্যতা প্রমাণিত হল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। এ বছরের এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত দুটি পরীক্ষার প্রশ্নে প্রায় নিখুঁত নম্বর পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে নানা আলোচনা শুরু হয়েছিল। খবর বিডিনিউজের।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় প্রতিযোগিতাপূর্ণ বার্ষিক জাতীয় কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক তার আগে ঘটে যাওয়া এ ঘটনা পরীক্ষাটির আয়োজকদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। ‘অ্যাটর্নি লি ডন–হো’ নামের এক ইউটিউব চ্যানেলে হাজির হয়ে ‘হান’ পদবিধারী ওই ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমি ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে জালিয়াতি করেছি, যেখানে শীর্ষ নম্বর পেয়ে পরীক্ষায় পাস করাটা কোনো সততার প্রচেষ্টার ফল ছিল না।’ নিজের জালিয়াতির কৌশল সম্পর্কে তিনি বলেছেন, একটি মাইক্রোক্যামেরা দিয়ে পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে তা এআই টুলের কাছে পাঠিয়ে দেওয়া হত। পরে স্মার্টফোনের মাধ্যমে সঠিক উত্তরগুলো দেখে তিনি পরীক্ষার খাতায় তা লিখেছিলেন। মুখে মাস্ক পরে ক্যামেরার সামনে বক্তব্য দেওয়ার সময় হান বলেছেন, তিনি সিউল পুলিশের কাছে এরইমধ্যে নিজের অপরাধ স্বীকার করে লিখিত এক জবানবন্দিও জমা দিয়েছেন।










