নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশে সমাজের প্রচলিত প্রতিবন্ধকতা দূর করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে এগিয়ে আসতে পারলে কেউ তাদের নেতৃত্বের পথ আটকে রাখতে পারবে না। আর সমতাপূর্ণ সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ‘নেতৃত্বে নারী ও তরুণ : বাধা কোথায়?’ শীর্ষক একটি সংলাপ ও কর্মশালার আয়োজন করে। নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তরুণ রাজনীতিবিদ, নারী নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নারী ও তরুণ নেতৃত্বের প্রসঙ্গে চসিক প্রশাসক বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল ও মালালা ইউসুফজাইর মতো ব্যক্তিত্বরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও কাজের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের পথ অনুসরণ করে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং নেতৃত্বে এগিয়ে আসতে হবে। নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থন কিংবা পরিচয় অপরিহার্য নয়; ব্যক্তিগত যোগ্যতা, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেও নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।
প্রশাসক বলেন, গণতন্ত্রের চর্চা শুরু করতে হবে নিজেদের অবস্থান থেকেই। কেউ যৌক্তিক তথ্য–উপাত্তের ভিত্তিতে সমালোচনা করলে তা স্বাগত জানাতে হবে। নিজের ভুল থাকলে তা স্বীকার করার মানসিকতা থাকতে হবে। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মন খুলে কথা বলেছেন, প্রশ্ন করেছেন এবং বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছেন। এ ধরনের মুক্ত আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ই গণতন্ত্রের প্রকৃত চর্চা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, এনসিপির পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা, রাঙামাটি জেলা জজ কোর্টের অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, চট্টগ্রামের সিপিবি সভাপতি অশোক সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএস’র প্রেসিডেন্ট জিল্লুর রহমান। কর্মশালাটি সিজিএস’র ‘রাজনীতিতে নারী ও তরুণদের ক্ষমতায়ন’ শীর্ষক চলমান প্রকল্পের অংশ, যা বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।











