চট্টগ্রামের মূল ভূখণ্ডের সাথে সন্দ্বীপ উপজেলার যোগাযোগের জন্য সেতুর দাবিতে সন্দ্বীপে লংমার্চ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ব্যানারে ও হাতে সেতু নির্মাণের পক্ষে বিভিন্ন স্লোগান লেখা ফস্টুন দেখা যায়।
সেতু বাস্তবায়ন আন্দোলনের অন্যতম মুখপাত্র প্রবাসী কুদরআতুল মাওলা জোয়ান বলেন, দ্বীপবাসী দীর্ঘদিন ধরে যাতায়াতের ক্ষেত্রে নানা দুর্ভোগের শিকার হয়ে আসছেন। সন্দ্বীপের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য একটি সেতুর কোনো বিকল্প নেই। তাই জনস্বার্থে দ্রুত সন্দ্বীপ টু চট্টগ্রাম সেতু বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানাই আমরা।










