এসপি জাহাংগীর গ্রেপ্তার, রাষ্ট্রদ্রোহের মামলা

চার দিনের রিমান্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ৬:১৫ পূর্বাহ্ণ

রাষ্ট্রদ্রোহিতা ও দাঙ্গা সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির পৃথক দুটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আদালতে পাঠানো হলে তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়। পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বিকালে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার নগরীর পাঁচলাইশ থানায় পুলিশ সুপার জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও দাঙ্গা সহিংসতা উসকে দেওয়ার ওই মামলাটি দায়ের করা হয়। আরআরএফের এএসপি মো. আবুল কাসেম চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

একই দিন পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা পুলিশের টিম এ অভিযান পরিচালনায় ছিল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাসেল মাহমুদকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পরে গতকাল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাহাংগীর আলমকে আদালতে সোপর্দ করে তিনি ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

পুলিশ সুপার জাহাংগীর আলমকে আদালতে তোলা হবে–এমন খবর পেয়ে গতকাল দুপুর দেড়টা থেকে আদালত প্রাঙ্গণে ভিড় করেন আইনজীবীসহ উৎসুক জনতা। উপস্থিত ছিলেন জাহাংগীর আলমের স্ত্রী মাসুমা আকতার। সোয়াট টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে রিমান্ড শুনানি শেষে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যায় স্পেশাল রেসপন্স ইউনিট।

জাহাংগীর আলমের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার কুদ্দারপাড়া এলাকায়। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশের এই কর্মকর্তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী মাসুমা আক্তার। তার দাবি, স্বামীর মোবাইল ফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। গতকাল আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি জানান, তার স্বামী নির্দোষ। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টি ষড়যন্ত্র মনে হচ্ছে। জাহাংগীর আলমের চাকরিজীবন ও অতীত কর্মস্থলের তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়ে মাসুমা বলেন, আমার স্বামীকে নিয়ে বিভিন্ন তথ্যের সত্যতা যাচাই করা প্রয়োজন। তার শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবন নিয়েও ভুল তথ্য প্রচার করা হচ্ছে। আমার স্বামী একজন কৃষকের সন্তান। নিজের যোগ্যতায় তিনি চাকরিতে যোগ দেন এবং চাকরি করেছেন।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মফিজুল হক ভূঁইয়া দৈনিক আজাদীকে বলেন, ৪ দিনের রিমান্ড মঞ্জুরের পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন বিচারক। রিমান্ড শুনানিতে তিনিসহ একশর মতো আইনজীবী উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

পুলিশ সুপার জাহাংগীর আলমের ‘আওয়ামী কানেকশন’–এর বিষয়টি আলোচনায় আসে ১১ নভেম্বর বিকালে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তার বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে, যার কারণে তার সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। নগরীর হালিশহরে থাকা জেলা পুলিশ লাইনের কার্যালয় থেকে ফোন দুটি জব্দ করা হয়েছিল। পাশাপাশি তাকে নজরদারিতেও রাখা হয়। তবে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ পুলিশের পক্ষ থেকে তখন স্পষ্ট করা হয়নি। অবশেষে তাকে গ্রেপ্তার, আদালতে সোপর্দ ও রিমান্ডে পাঠানোর প্রেক্ষিতে বিষয়টি এখন পরিষ্কার হয়েছে।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী গতকাল সাংবাদিকদের বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে জাহাংগীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ও উসকানির অভিযোগে জাহাংগীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে দুটি অভিযোগ। এক নম্বর হচ্ছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, দুই নম্বর হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের উসকানির অভিযোগ। এ রকম দুইটা স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি। যে মেসেজগুলোতে রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে। একটা মেসেজে এ রকম বলা হয়েছিল যে, ‘ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে’। মানে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। আরেকটা মেসেজ পেয়েছি, ‘ডিসেম্বরে জানবাজি রেখে সবাই মাঠে নামবে’। এটার ওপর ভিত্তি করে ফৌজদারি মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএসপি জাহাংগীর : পাঁচ রহস্য উদঘাটন করতে চায় পুলিশ
পরবর্তী নিবন্ধআরও এগিয়েছে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে