রাউজানে বিয়ের ৪ মাস ৪ দিনের মাথায় রহস্যজনক মৃত্যু হওয়া রিমা দে (১৯) এর শ্বশুর বাড়িতে ঝুলছে তালা। ওই গৃহবধূর স্বামী অয়ন খাস্তগীরসহ পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। গতকাল রবিবার রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দির সংলগ্ন খাস্তগীর বাড়িতে গিয়ে দেখা যায়, মরদেহ উদ্ধার হওয়া অয়ন খাস্তগীরের পাকাঘরের সামনের দরজায় ঝুলছে তালা। পরিবারের কোনো সদস্য ঘরে নেই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অয়ন খাস্তগীর চট্টগ্রাম নগরীর বাসায় থাকতেন। গত শ্যামাপূজায় তারা রাউজানের গ্রামের বাড়িতে এসেছিলেন। পূজা শেষ হলেও তারা নগরীর বাসায় যাননি। এরমধ্যে গত শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টায় তাদের ঘর থেকে গৃহবধূ রিমা দে এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সূত্র জানায়, অয়ন খাস্তগীর বিয়ের আগে নিহত রিমা দে এর পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তারা রাউজানের গ্রামের বাড়িতে বসবাস করবেন। একই সঙ্গে অয়ন নগরীর পোশাক তৈরি কারখানার চাকুরি ছেড়ে দোকান দিবেন। বিয়ের ৪মাস পার হলেও সে প্রতিশ্রুতি রক্ষা করেননি অয়ন। এ নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। তাদের এসব বিষয়ে নিয়ে অয়ন খাস্তগীরের সঙ্গে তার বাবা অশোক খাস্তগীরের সঙ্গেও একাধিকবার ঝগড়া হয়েছিল। তবে শনিবার সন্ধ্যায় স্থানীয়রা গিয়ে লাশটি মেঝেতে দেখতে পান। পরে তারা হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে পুনরায় বাড়িতে নিয়ে আসেন। অয়ন খাস্তগীরের পরিবারের সদস্যরা রিমা আত্মহত্যা করেছে বলে প্রতিবেশীদের কাছে প্রচার করলেও রিমা দে’র মা প্রভা রাণী দে কে তার মেয়ে সিঁড়ি থেকে পড়ে আহত হওয়ার খবর দিয়ে হাসপাতালে নেওয়ার কথা জানানো হয় বলে তিনি দাবি করেন।
জানা যায়, গত ৪ মাস ৪দিন আগে রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকার খাস্তগীর বাড়ির অশোক খাস্তগীরের ছেলে অয়ন খাস্তগীরের (২৬) সঙ্গে ফটিকছড়ির ২ নম্বর কাঞ্চননগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের টেকবাড়িয়া চা বাগান সংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দে’র মেয়ে রিমার বিয়ে হয়েছিল। প্রভা রাণী দে’র ভাষ্য, তার মেয়েকে নির্যাতন করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা হত্যা না করলে স্বামী অয়ন খাস্তগীর পালিয়ে গেছে কেন প্রশ্ন রেখে বলেন, আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
এদিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আজ (গতকাল রবিবার) গৃহবধূর মা প্রভা রাণী দে বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তাছাড়া ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার পর থেকে রিমা দে’র স্বামী অয়ন খাস্তগীর পলাতক রয়েছেন বলে জানান তিনি।











