স্থাপনা উচ্ছেদ হলো, এবার খেলার মাঠ ফিরে পাবে কি শিশু-কিশোরেরা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ৪:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বালুর মাঠে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে চৌধুরী সুপার শপ নামের একটি দোকান, রয়েল অটো কার নামের একটি গ্যারেজ ও একটি ফুটবল টার্ফ উচ্ছেদ করা হয়েছে। অভিযান প্রসঙ্গে সিডিএর অথরাইজড অফিসার তানজীব হোসেন বলেন, এখানে ফ্ল্যাট নির্মাণের জন্য সিডিএ থেকে অনুমোদন নেওয়া হয়েছিল। স্থাপনাগুলো নিয়ে বিভিন্ন অভিযোগ আসায় অভিযান চালানো হয়েছে। তাঁর ভাষ্য, সিডিএ কিছু শর্তে প্লটগুলো বরাদ্দ দিয়েছিল। শর্ত মেনে জায়গা ব্যবহার না করলে নোটিশ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তাঁরা সিডিএ-অনুমোদিত কোনো নকশা দেখাতে পারেননি। তাই ইমারত নির্মাণ আইনের আওতায় অভিযান চালানো হয়েছে। কোন প্লট কাকে এবং কী উদ্দেশ্যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সে বিষয়ে সিডিএর ভূমি শাখা ও প্রকৌশল শাখা বলতে পারবে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, বালুর মাঠ তাঁদের দীর্ঘদিনের খেলার জায়গা। ছোটবেলা থেকে এখানে খেলে তাঁরা বড় হয়েছেন। অথচ এখন তাঁদের সন্তানেরা খেলার জন্য মাঠ পাচ্ছে না। এর আগে মাঠ রক্ষায় স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন করেছেন। আজকের অভিযানকে তাঁরা স্বাগত জানিয়েছেন।

আগ্রাবাদের এই বালুর মাঠ নিয়ে এর আগেও অভিযোগ উঠেছিল। প্রায় এক বছর আগের এক প্রতিবেদন অনুযায়ী, সরকারি খেলার মাঠের একটি অংশ স্থানীয় প্রভাবশালী চক্র বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। দোকান নির্মাণ ও বরাদ্দে সিডিএর কয়েকজন কর্মকর্তার যোগসাজশের অভিযোগও ছিল। একই প্রতিবেদনে বলা হয়, এস আলম গ্রুপ খেলার মাঠ লিজ নিয়ে ৭০০ কোটি টাকা ঋণ নিয়েছে। লিজ ও ঋণের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাগজপত্র যাচাই করছে। তখন দুদকের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, মাঠ দখলের সরাসরি প্রমাণ মেলেনি। তবে কাগজপত্র আরও যাচাই করা হচ্ছে।

সিডিএর উচ্ছেদ করা জায়গাটিকে আবার খেলার মাঠ হিসেবে দেখতে চান সিডিএ আবাসিক এলাকার বাসিন্দারা। ওই এলাকার ষষ্ঠ শ্রেণির ছাত্র মোহাম্মদ রাফি সেখানে দাঁড়িয়ে উচ্ছেদের দৃশ্য দেখছিল। জানতে চাইলে সে বলে, ‘আমাদের খেলার মাঠ দখল করে টার্ফ গড়ে তোলা হয়েছে। এখন খেলতে গেলে সকালে ঘণ্টায় এক হাজার টাকা দিতে হয়। রাতে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা দিতে হয়। আমরা টাকা দিয়ে খেলতে পারি না। তাই খেলাও বন্ধ।’

ওই এলাকার এক বাসিন্দা বলেন, ‘আগে এটি উন্মুক্ত খেলার মাঠ ছিল। আওয়ামী লীগের আমলে এখানে প্লট বরাদ্দ দেওয়া হয়। আমরা তখন থেকেই প্রতিবাদ করছি। এটি আবার খেলার মাঠ করা হোক।’

তবে সেখানে খেলার মাঠ হবে কি না, তা নিশ্চিত করে বলেনি সিডিএ। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ আবুল হাসনাত বলেন, বরাদ্দ দেওয়া প্লটে তাঁরা শর্ত ভঙ্গ করেছেন। তাই উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গাটি উন্মুক্ত করা হয়েছে। উন্মুক্ত জায়গাটি নিয়ে পরে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধসুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন : চসিক প্রশাসক