প্রীতি ম্যাচে ব্রাজিল, আর্জেন্টিনার হার

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ সময় গতকাল সকালে উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠ লা বোমবোনেরা স্টেডিয়ামে ২–১ গোলে হেরেছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোল ও ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে জয় নিশ্চিত করে উরুগুয়ে। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেজ। গত মাসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। ৩৯ বছর বয়সী মহাতারকার অনুপস্থিতি প্রথম ম্যাচেই হারলো দলটি। বিকেলে প্রীতি ম্যাচে সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ব্রাজিলকে ৩–২ গোলে পরাজিত করে জাপান। ম্যাচের যোগ করা সময়ে বদলি খেলোয়াড় তাতসুহিরো সাকামোতোর গোলে নাটকীয় জয় নিশ্চিত করে সামুরাই ব্লুরা। ম্যাচের ১৫ মিনিটে দলকে এগিয়ে দেন তাকেফুসা কুবো। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কেইতো নাকামুরা। ১৯ মিনিটেই ২–০ গোলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় ব্রাজিল। ৩৩তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান কমান ভিনিসিয়ুস জুনিয়র। ২–১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান। ৭৫তম মিনিটে আবারও জ্বলে ওঠেন ভিনিসিয়ুস। কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে ডান দিক থেকে বাঁকানো শটে নিজের দ্বিতীয় গোলটি করে ব্রাজিলকে ২–২ সমতায় ফেরান রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে নাটকীয়তা উপহার দেন জাপানের বদলি খেলোয়াড় তাতসুহিরো সাকামোতো। সতীর্থের শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করলে বল পেয়ে ব্রাজিলের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৯০+১ মিনিটের সেই গোলে ৩–২ ব্যবধানের জয় নিশ্চিত হয় জাপানের।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ, এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবারা