আগামী প্রজন্মের জন্য সুস্থ ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই

পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে জেলা প্রশাসক

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

আমরা আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না। তাদের জন্য একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই। আমরা যেন সব সুযোগ–সুবিধা ভোগ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে না যাই। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন রাখা শুধু একটি প্রতিষ্ঠান বা বিভাগের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গতকাল শনিবার চট্টগ্রাম রেলস্টেশন ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আমরা সবাই চাই, রেলস্টেশনসহ জনবহুল জায়গাগুলো দুর্গন্ধমুক্ত ও পরিষ্কার–পরিচ্ছন্ন থাকুক। কিন্তু এসব জায়গা পরিষ্কার রাখবে কে? এটি কি শুধু একজন কর্মকর্তা বা কর্মচারীর দায়িত্ব? এসব জায়গা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।

‘পরিচ্ছন্ন করি নগর–গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পুরোনো রেলস্টেশন থেকে শোভাযাত্রা বের হয়ে নতুন রেলস্টেশন ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

চট্টগ্রামকে সবুজ নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথা উল্লেখ করে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা ইতিমধ্যে এক দিনে এক লাখ গাছ লাগিয়েছি। গাছগুলো বেঁচে আছে এবং বেড়ে উঠছে। আমরা চাই, আগামী প্রজন্ম যেন আমাদের দোষারোপ করতে না পারে যে আমরা সব সুযোগ–সুবিধা ভোগ করেছি, অথচ তাদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে গিয়েছি। সবাইকে সঙ্গে নিয়েই আমরা নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, রেলস্টেশন ও আশপাশের জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ নিয়মিত তদারকি করা জরুরি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডায়াবেটিস নিয়ন্ত্রণে পরিবর্তন আনতে হবে লাইফ স্টাইলে