নগরীর পতেঙ্গায় সাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি। তার নাম মো. নাছির (২২)। তিনি পতেঙ্গা থানার চরপাড়া এলাকার বাসিন্দা। গত শুক্রবার রাতে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাছির পতেঙ্গা থানার চরপাড়া এলাকার মো. মুছার ছেলে।
এসআরবি–৭ জানায়, গত ১২ নভেম্বর সাইকেল চোর সন্দেহে মোবারক হোসেন নামের ওই যুবককে পিটিয়ে হত্যার ঘটনাটি ঘটে। এর কয়েকদিন আগে নাছিরের ভাইয়ের একটি সাইকেল চুরি হয়। এর পেছনে মোবারক হোসেনের হাত রয়েছে– এমন সন্দেহে তাকে ধরে নিয়ে যায় কয়েকজন। কেএনএএফ ফাইবার প্লাস্টিক ইন্ডাস্ট্রির ভেতরের একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে হাত–পা বেঁধে তাকে মারধর করা হয়। পরে স্থানীয় একটি মাঠে নিয়ে বাঁশ দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে ধরলে তিনি অচেতন হয়ে যান। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন।
এসআরবি–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ দৈনিক আজাদীকে জানান, পতেঙ্গায় থানায় সাইকেল চোর সন্দেহে মোবারক ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি মো. নাছির ফটিকছড়ি থানা এলাকায় অবস্থান করছে– এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।









