দুই বছরে চসিকের দেনা কমেছে ২৭১ কোটি টাকা, দাবি প্রশাসকের

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ৬:১১ অপরাহ্ণ

দুই বছর আগে দায়িত্ব নেওয়ার সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দেনা ছিল ৫৯৬ কোটি টাকা। এখন তা কমে দাঁড়িয়েছে ৩২৫ কোটি টাকায়। একই সময়ে ব্যাংক হিসাবে জমা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে চসিকের পাওনা রয়েছে ২৫০ কোটি টাকা। এই টাকা আদায় হলে ব্যাংকে আরও দেড় শ কোটি টাকা জমা রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

আজ শনিবার (১৪ নভেম্বর) নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজের কাজের বিবরণ তুলে ধরেন তিনি। এ সময় চসিকের আর্থিক অবস্থার উন্নতি, সড়ক ও অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উদ্যোগের কথা জানান প্রশাসক।

শাহাদাত হোসেন বলেন, দায়িত্ব নেওয়ার সময় চসিকের আর্থিক ব্যবস্থাপনায় নানা সংকট ছিল। রাজস্ব আয় বাড়ানো, পৌর কর আদায়ে তৎপরতা এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন আনা হয়েছে। তাঁর দাবি, পৌর কর আদায়েও অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে চসিক।
সড়ক উন্নয়নে ব্যয় ২ হাজার ৪০০ কোটি টাকা

গত দুই বছরে নগরের সড়ক, নালা ও নর্দমার উন্নয়নে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান চসিক প্রশাসক। নগরের বিভিন্ন এলাকায় এসব কাজ চলছে। সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৬৯ কিলোমিটার সড়ক উন্নয়নের লক্ষ্য রয়েছে।

পতেঙ্গা থেকে দেওয়ানহাট পর্যন্ত সড়ক উন্নয়ন এবং দেওয়ানহাট সেতু পুনর্নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

বৃষ্টিতে এখনো জলাবদ্ধতা
চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা পুরোপুরি কাটেনি বলে স্বীকার করেন শাহাদাত হোসেন। এ সমস্যা সমাধানে খাল ও নালা সংস্কারের ওপর জোর দেওয়া হচ্ছে। নালা ও খাল পরিষ্কারের জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। পাশাপাশি নগরের ৪০টি খাল নিয়ে নতুন প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে।
প্রশাসক বলেন, এক দিনে সর্বোচ্চ ৪২০ মিলিমিটার এবং সাত দিনে ১ হাজার ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত হলেও নগরে বন্যা হয়নি। তবে পাঁচ থেকে ছয়টি স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। খাল উন্নয়নের কাজ শেষ হলে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করেন তিনি।

‘চট্টগ্রাম অ্যাপে’ আবেদন ৭ হাজারের বেশি
নাগরিকদের অভিযোগ ও সমস্যা জানানোর জন্য চালু করা চট্টগ্রাম অ্যাপে নিবন্ধন করেছেন ২০ হাজার ২২৭ জন। এই অ্যাপের মাধ্যমে ৭ হাজার ১২০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৪ হাজার ২২২টি নিষ্পত্তি করা হয়েছে বলে জানান শাহাদাত হোসেন। নাগরিক সেবা সহজ করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

নিয়োগে অনিয়ম হলে পদত্যাগের ঘোষণা
চসিকের নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে দাবি করেন প্রশাসক। তিনি জানান, ডিজিটাল চাকরির পোর্টালের মাধ্যমে ৫৮ হাজার ৮৯২ জন আবেদন করেছিলেন। তাঁদের মধ্য থেকে লিখিত পরীক্ষার ভিত্তিতে ১৫৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগে ঘুষ বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করবেন বলেও ঘোষণা দেন তিনি।

৪১ ওয়ার্ডে খেলার মাঠের পরিকল্পনা
নগরের ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চসিক। এর মধ্যে ১১টি মাঠের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি ৩০টি মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া নগরে ১০ লাখ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। এরই মধ্যে দুই লাখ গাছ লাগানো হয়েছে বলে জানান প্রশাসক।

নগর সরকার প্রতিষ্ঠার পক্ষে শাহাদাত
চট্টগ্রামের উন্নয়নকাজে বিভিন্ন সরকারি ও সেবা সংস্থার মধ্যে সমন্বয়হীনতা রয়েছে বলে মনে করেন শাহাদাত হোসেন। এ সমস্যা কাটাতে নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

তাঁর মতে, নগরের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একটি সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। এতে পরিকল্পনা বাস্তবায়ন ও সেবার মান বাড়ানো সহজ হবে।

সৌরবিদ্যুৎকেন্দ্র, ইকোপার্ক ও কেবল কারের পরিকল্পনা
চট্টগ্রামকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে কয়েকটি বড় প্রকল্পের পরিকল্পনার কথা জানান চসিক প্রশাসক। এর মধ্যে চর বাকলিয়ায় ১২০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র, পাখির অভয়ারণ্য, ইকোপার্ক ও কেবল কার নির্মাণের উদ্যোগ রয়েছে। স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে রেলওয়ে হাসপাতালে ১০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার পাশাপাশি মোহরা ও পতেঙ্গায় নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকার্ড
শিক্ষা খাতে প্রতিবছর ৮০ থেকে ৯০ কোটি টাকা ব্যয় করে চসিক। এই ব্যয়কে খরচ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ হিসেবে দেখার কথা বলেন শাহাদাত হোসেন।
তিনি জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্কুল স্বাস্থ্যকার্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ২০টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবায় ৪০ থেকে ৫০ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।

নগরের পরিচ্ছন্নতা নিয়েও কথা বলেন প্রশাসক। তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য নগরবাসীকেও দায়িত্ব নিতে হবে। যত্রতত্র ময়লা না ফেলে নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সদস্যসচিব নাজিমুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের মাত্র এক মাস, সংসারই করা হলো না বারেকের