কবিতাপাঠ, আবৃত্তি, ছড়াপাঠ, কবিতার গান ও নিবেদিত প্রযোজনাসহ নানা পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম কবিতার শহর শীর্ষক ১০ম তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব। গতকাল শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে তারুণ্যের উচ্ছ্বাস আয়োজিত দিনব্যাপী এ উৎসবে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের কবি, আবৃত্তিশিল্পী, ছড়াকার, অতিথি ও সংস্কৃতিপ্রেমীরা।
গতকাল সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অঞ্চল চৌধুরী, ওমর কায়সার, ডা. এস এম সরোয়ার আলম, সজল চৌধুরী। উদ্বোধনী পর্বে আবৃত্তি পরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাস ও প্রমিতি সাংস্কৃতিক একাডেমি এবং নৃত্য পরিবেশন করে নৃত্যময়ী একাডেমি। সভাপতিত্ব করেন তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি ভাগ্যধন বড়ুয়া। পরিচালনা করেন শ্রাবণী দাশগুপ্তা। স্বাগত বক্তব্য দেন মিঠু তলাপাত্র। এ সময় তারুণ্যের উচ্ছ্বাসের ২০ বছর উপলক্ষে প্রকাশিত গ্রন্থ ‘মুক্তডানা’র মোড়ক উন্মোচন করা হয়। সকালের পর্বে ছিলো শিশু প্রহর, একক আবৃত্তি, কবিতাপাঠ ও ছড়াপাঠ। সন্ধ্যায় উৎসবের অন্যতম আয়োজন ছিল গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা প্রদান। এ বছর সম্মাননা পেয়েছেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির দত্ত। সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন নাট্যজন সনজীব বড়ুয়া, কবি ওমর কায়সার এবং চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি শুভ্রা বিশ্বাস। শিশির দত্তের হাতে সম্মাননা স্মারক, বই, উত্তরীয় এবং সম্মাননার আর্থিক মূল্য তুলে দেন অতিথিরা। তার জীবনপাঠ করেন সেজুঁতি দে। উৎসবে আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন ফারুক তাহের, প্রণব চৌধুরী, রেখা নাজনীন, বনকুসুম বড়ুয়া, মছরুর হোসেন, ইকবাল হোসেন জুয়েল, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, আবদুল্লাহ ফারুক রবি, সুপ্রিয়া চৌধুরী, শামীমা ইয়াসমীন, নিহারিকা পাল, অনন্যা চৌধুরী, স্নিগ্ধা বড়ুয়া, ঐশী পাল প্রমুখ।
আয়োজকদের পক্ষে সংগঠনের সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়া জানান, কবিতা ও আবৃত্তিচর্চাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া, নবীন ও প্রবীণ শিল্পীদের মধ্যে সেতুবন্ধ তৈরি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটানোই এ উৎসবের মূল লক্ষ্য।
কবিতার প্রতি ভালোবাসা, শিল্পের প্রতি দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক ঐক্যের প্রত্যয়ে শেষ হয় ‘তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব’। প্রেস বিজ্ঞপ্তি।












