চন্দনপুরা মহল্লা কমিটির উদ্যোগে প্রয়াত সভাপতি জামাল উদ্দীন খান, সুবক্তগীন সিদ্দিকী মক্কী ও মরহুম নেতৃবৃন্দের স্মরণে স্মরণসভা এবং ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক আলোচনা সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
চন্দনপুরা মহল্লা কমিটির সভাপতি হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং শেখ গোলাম মোহাম্মদ রাজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পিপলস ভিউ’র সম্পাদক ওসমান গণি মনসুর। বিশেষ অতিথি ছিলেন চন্দনপুরা মহল্লা কমিটির উপদেষ্টা শফিকুল আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি ওসমান গণি মনসুর ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ভয়াবহতা ও বিশ্বব্যাপী এর প্রভাব নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ নিয়ে কাজ করছে। গত ১১ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু–আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, শুধু রোগমুক্ত হয়ে বাড়ি ফিরলেই দায়িত্ব শেষ হয় না, সুস্থ হওয়ার পরও রোগীদের যথাযথ সেবা–যত্ন না নিলে শরীরে নানা ধরনের স্থায়ী জটিলতা দেখা দিতে পারে। তাই অভিভাবকদের এ বিষয়ে অত্যন্ত যত্নশীল ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রয়াত নেতৃবৃন্দের স্মৃতিচারণ করে প্রধান অতিথি বলেন, দুনিয়ায় চেয়ার, টেবিল, বিল্ডিং কিংবা মসজিদ–কোনো কিছুই স্থায়ী নয়, স্থায়ী কেবল মানুষের ভালো কর্ম। মরহুম জামাল উদ্দীন খান ও সুবক্তগীন সিদ্দিকী মক্কী তাঁদের কর্মের মাধ্যমেই স্মৃতির পাতায় বেঁচে আছেন। সমাজের ছোট ছোট ভালো কাজের মধ্য দিয়ে নিজেদের জীবনকে সুন্দর করার তাগিদ দিয়ে তিনি বলেন, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে ফেলা বা কাউকে ভালো পরামর্শ দেওয়াও বড় সৎকাজের শামিল। প্রতিদিন ঘুমানোর আগে অন্তত একটি ভালো কাজ করার হিসাব নেওয়ার মাধ্যমে নিজেদের জীবনকে নৈতিকতায় সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে চন্দনপুরা মহল্লার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












