রাঙ্গুনিয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষাণ-কৃষাণী

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

অনুকূল আবহাওয়া এবং মৌসুমের শুরুতে বাজারে সবজির ভালো দাম পাওয়ার আশায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের পর মাঠ জমি প্রস্তুত, চারা রোপণ, নিড়ানি ও পরিচর্যায় মুখরিত হয়ে উঠেছে গ্রামীণ জনপদ। বিগত বছরের তুলনায় এবার চাষাবাদের পরিধি আরও বেড়েছে। উপজেলার ‘সবজি গ্রাম’ হিসেবে পরিচিত দক্ষিণ ঘাটচেক এলাকায় গিয়ে দেখা যায় এক উৎসবমুখর পরিবেশ। ইছামতী নদীর তীরবর্তী উর্বর এই এলাকার প্রতিটি ক্ষেতে এখন সবুজের সমারোহ। কৃষকদের পাশাপাশি নারী শ্রমিকরাও সমান তালে ব্যস্ত চারা রোপণ ও সবজি পরিচর্যায়। কেউ ক্ষেতে সেচ দিচ্ছেন, কেউ বা আগাছা পরিষ্কার করছেন। এখানকার বিস্তীর্ণ মাঠজুড়ে ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, বেগুন ও টমেটোর চারা এখন বেড়ে উঠছ। অনেক ক্ষেতে আগাম ফলন ধরে গাছে সবজি আসতেও শুরু করেছে। উৎপাদিত এসব তাজা সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন চলে যাচ্ছে বিভিন্ন পাইকারি বাজারে।

দক্ষিণ ঘাটচেক এলাকার অভিজ্ঞ কৃষক মো. লোকমান আলী (৪৫) জানান, “মৌসুমের শুরুতে আগাম সবজি বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যায়। তবে এবার সার, বীজ ও কীটনাশকের দামের পাশাপাশি শ্রমিকের মজুরি ও জমির ইজারা মূল্য অনেক বেড়ে গেছে। খরচ বেশি হওয়ায় লাভের অঙ্ক নিয়ে কিছুটা টেনশনে আছি।”

আরেক কৃষক সুবল বড়ুয়া (৫০) বলেন, “আমরা কষ্ট করে ফলন ফলাই, কিন্তু উৎপাদিত ফসলের সঠিক মূল্য ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কৃষি অফিস থেকে যদি একটু নিয়মিত পরামর্শ আর সার–বীজে সহযোগিতা পাই, তবে আমরা আরও বেশি লাভবান হতে পারব।”

রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার হেক্টর জমিতে। যেখানে গত বছর এই লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৭০০ হেক্টর। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ৩০০ হেক্টর বেশি জমিতে সবজি আবাদের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন কৃষকরা।

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিসের উপ–সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রণব চন্দ্র মজুমদার জানান, আগাম আমন ধান কাটার পরপরই কৃষকরা ওইসব জমিতে শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে রাঙ্গুনিয়ার স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য অঞ্চলেও প্রচুর পরিমাণ সবজি সরবরাহ করা সম্ভব হবে।

রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন জানান, “কৃষকদের আধুনিক ও নিরাপদ উপায়ে সবজি চাষে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে আমাদের উপ–সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে ক্ষতিকর কীটনাশক পরিহার করে জৈব সার ও সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত সবজি উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। উৎপাদন খরচ কমিয়ে কৃষকরা যাতে ফসলের ন্যায্যমূল্য পান এবং লাভবান হতে পারেন, সেজন্য কৃষি বিভাগ সব সময় তাদের পাশে রয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধহাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামসহ ১১ জেলায় ২৪ ঘণ্টায় এক হাজার ২১০ জন গ্রেপ্তার