লোহাগাড়ায় পাহাড় কেটে বালু উত্তোলন

জব্দ করা বালুও পাচার!

মোহাম্মদ মারুফ, লোহাগাড়া | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পাহাড় কেটে শ্যালো মেশিনের সাহায্যে অভিনব কায়দায় উত্তোলন করা বালু জব্দের পরও পাচার হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইয়াছিন পাড়া এলাকায় সরকারি খাস খতিয়ানভুক্ত পাহাড় কেটে এসব বালু উত্তোলন করা হয়। জব্দ করা বালু অবৈধভাবে সরিয়ে নেওয়ার পর পুনরায় একইস্থান থেকে বালু উত্তোলনের অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে বালুখেকোদের বিরুদ্ধে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, গত ১৫ আগস্ট দৈনিক আজাদী পত্রিকায় ‘শ্যালো মেশিনের পানির চাপে কাটছে পাহাড়/ বালু তুলতে লোহাগাড়ায় অভিনব কৌশল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত ২৯ আগস্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় অবৈধভাবে উত্তোলিত প্রায় এক লাখ ঘনফুট বালু ও একটি এক্সেভেটর জব্দ করা হয়। তবে দীর্ঘদিন অতিবাহিত হলেও জব্দ করা বালু নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে। এ সুযোগে উত্তোলনকারীরা গোপনে জব্দ করা বালু পাচার করে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সাথে জব্দ করা বালু সরিয়ে নেওয়ার পর পুনরায় ওই স্থান থেকে বালু উত্তোলনের অপচেষ্টাও চালানো হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সরকারি পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে একটি প্রভাবশালী চক্র জড়িত। এ চক্রের সাথে স্থানীয় ইউনিয়ন পরিষদের কয়েকজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের কিছু লোকের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তাদের প্রভাবের কারণে স্থানীয় অনেকেই প্রকাশ্যে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না।

সমপ্রতি সরেজমিনে দেখা যায়, পুটিবিলা রামবিলা সড়ক হয়ে প্রত্যন্ত অঞ্চলের ইয়াছিন পাড়া এলাকায় প্রায় ১৬ একর জায়গাজুড়ে বিস্তৃত সরকারি খাস খতিয়ানভুক্ত পাহাড়টির পাদদেশ কেটে বালু উত্তোলন করা হয়েছে। আবদুল্লাহ নামে স্থানীয় এক ব্যক্তির বাড়ির পাশ থেকে শ্যালো মেশিনের সাহায্যে এসব বালু উত্তোলন করা হয়। বর্তমানে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ থাকলেও জব্দ করা ২টি বালুর স্তুুপ থেকে গোপনে বালু সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পুনরায় বালু উত্তোলন শুরু হলে একসময় পুরো পাহাড়টি বিলীন হয়ে যেতে পারে। একসময় সবুজ গাছপালা ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়টি এখন কাটা দেখা যাচ্ছে। সেইসাথে বড় বড় গর্ত ও যত্রতত্র ছড়িয়ে থাকা বালু দেখা যাচ্ছে। পাহাড়ের ঢাল কেটে তৈরি করা হয়েছে শ্যালো মেশিন বসানোর জায়গা। প্রভাবশালী চক্রটি সংশ্লিষ্টদের ম্যানেজ করে সরকারি পাহাড় কেটে পুণরায় বালু উত্তোলনের কার্যক্রম চালিয়ে যাওয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। বালু উত্তোলনের ফলে পাহাড়ের স্বাভাবিক আকৃতি পরিবর্তনের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাহাড়ের গাছপালা ধ্বংস হওয়ায় বিভিন্ন প্রজাতির পাখি, কীটপতঙ্গ ও অন্যান্য বন্যপ্রাণী তাদের আবাসস্থল হারাচ্ছে। এভাবে পাহাড় কাটা অব্যাহত থাকলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বালুবাহী যানবাহন চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলোও দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে শিক্ষার্থী, কৃষক, পথচারী ও স্থানীয় যানবাহন চলাচলে দুর্ভোগ বাড়ছে। সরকারি পাহাড় কেটে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি এবং জব্দ করা বালু পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পরিবেশবিদদের মতে, নির্বিচারে পাহাড় কাটা ও বালু উত্তোলনের ফলে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে মাটির ক্ষয়, ভূমিধসের ঝুঁকি এবং জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি পাহাড়ের গাছপালা ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হওয়ায় পাখি, কীটপতঙ্গসহ বিভিন্ন বন্যপ্রাণীর অস্তিত্বও হুমকির মুখে পড়ছে। এ অবস্থা অব্যাহত থাকলে একসময় পাহাড়টির স্বাভাবিক পরিবেশ ও অস্তিত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ–বিন–আখন্দ জানান, ইতোমধ্যে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করা হয়েছে। এছাড়া উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। জব্দ করা বালুর বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ভাবেই পুণরায় পাহাড় কেটে বালু উত্তোলন করতে দেওয়া যাবে না। পাশাপাশি তদন্ত সাপেক্ষে পাহাড় কেটে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচি
পরবর্তী নিবন্ধকুকুরের জন্য শংকরীর ভালোবাসা