রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ খুব ধনী দেশ নয়। তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। ভবিষ্যতে যে পেশাতেই নিয়োজিত হোক না কেন, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা সবার আগে চিন্তা করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বঙ্গভবন পরিদর্শন কর্মসূচির দ্বিতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে আসে। এ দলে ক্ষুদ্র নৃ–গোষ্ঠী সমপ্রদায়ের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরাও ছিল। এসময় রাষ্ট্রপতি তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় অংশ নেন। পরে রাষ্ট্রপতি তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এসময় রাষ্ট্রপতি রাঙামাটি সফরের আগ্রহ প্রকাশ করে বলেন, ‘রাঙামাটি যাওয়ার আমার ইচ্ছা ছিল। সময়–সুযোগ হলে আমি রাঙামাটি সফর করব।












