স্বপ্নযাত্রার দুই মাসের মাথায় কানাডায় রহস্যজনক মৃত্যু চট্টগ্রামের লাবিবের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে মাত্র দুই মাস আগে কানাডায় পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থী লাবিব আয়মান আলম। বৃত্তি নিয়ে ভর্তি হয়েছিলেন কানাডার ভ্যানকুভারে অবস্থিত ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় (ইউবিসি)। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার। কিন্তু সেই স্বপ্নযাত্রার মাত্র দুই মাসের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সী এই শিক্ষার্থীর। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ডরমিটরির করিডরে মিলে লাবিবের নিথর দেহ।

জানা গেছে, গত পরশু কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার শিক্ষার্থীদের আবাসিক ডরমিটরির একটি করিডর থেকে লাবিবের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

লাবিব আয়মান আলম চট্টগ্রাম গ্রামার স্কুলের (সিজিএস) অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষার জন্য বৃত্তি পেয়ে দুই মাস আগে কানাডার স্বনামধন্য ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় স্নাতক পর্যায়ে পড়াশোনা শুরু করেন তিনি। পরিবারের প্রত্যাশা ছিল, মেধা ও পরিশ্রম দিয়ে একদিন বড় কিছু অর্জন করবেন লাবিব।

লাবিব বাংলাদেশ মেরিন একাডেমির ৩৩তম ব্যাচের ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলমের ছেলে। পেশাগত কারণে বাবা এখন সমুদ্রে, জাহাজে কর্মরত। দীর্ঘ ১৯ বছর ধরে যে সন্তানকে ঘিরে বাবা–মায়ের কত স্বপ্ন, কত পরিকল্পনা আর কত প্রত্যাশা, সেই সন্তানকে বিদেশের মাটিতে হারানোয় পুরো পরিবারই দিশেহারা।

লাবিবের অকাল মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী টানেল সংযোগ সড়কের কাজ শেষ হবে আগামী জুনে
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা