নগরীর শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে এক মামলায় দুই দিনের রিমান্ড এবং আরেক মামলায় শ্যোন এরেস্টের আদেশ দিয়েছে আদালত। চন্দনপুরা এলাকায় ১০ কোটি টাকা চাঁদার দাবিতে শিল্পগোষ্ঠী স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সেই সাথে পাশের এঙেস রোড এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন) এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো (শ্যোন এরেস্ট) হয়েছে। গতকাল পুলিশের পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এ আদেশ দেন।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ডেভিড ইমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের কার্যক্রম শেষে তাকে একইরকম নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়। নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চকবাজার থানায় দায়ের হওয়া চাঁদা দাবির একটি মামলায় ডেভিড ইমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সাথে মামলাটির আরও ৫ আসামির ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ৫ দিন করে রিমান্ড চেয়ে পুলিশের করা একটি আবেদনের উপর শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
এছাড়া ডেভিড ইমনকে চকবাজার থানার অপর একটি হামলা, ভাঙচুরসহ টাকা লুটের মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন এরেস্ট) আদেশ হয়েছে। এ আদেশও পুলিশের আবেদনের প্রেক্ষিতে দিয়েছেন বিচারক– জানান উপকমিশনার।











