সহযোগীকে জিম্মি করে এবং নিজের গলায় ধারালো অস্ত্র ধরে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেন এক ব্যক্তি। পুলিশকে প্রায় তিন ঘণ্টা অপেক্ষায় রাখেন তিনি। তবে শেষ পর্যন্ত তাঁর চেষ্টা সফল হয়নি। নাটকীয় পরিস্থিতির অবসান ঘটিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শাহ আলম। তাঁর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গত ৫ নভেম্বর বিকেল পাঁচটায় নগরের আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে কলোনিতে শাহ আলমকে গ্রেপ্তারে অভিযান চালায় সদরঘাট থানার পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহ আলম সহযোগী তাজুলকে নিয়ে একটি পরিত্যক্ত বাড়ির টয়লেটের ভেতরে লুকিয়ে পড়েন। সেখানে পুলিশ পৌঁছালে তিনি নিজের গলায় ধারালো অস্ত্র ধরে সহযোগীকে হত্যার হুমকি দেন। পরে রাত আটটার দিকে পুলিশ আরও দুই সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনার একটি ভিডিও আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে সরবরাহ করে সদরঘাট থানা-পুলিশ। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পরিত্যক্ত বাড়ির টয়লেটের একটি গর্তে সহযোগী তাজুলকে নিয়ে অবস্থান করছেন শাহ আলম। কালোর ওপর সাদা ডোরাকাটা টি-শার্ট পরা শাহ আলমের হাতে ছিল লম্বা একটি ধারালো কিরিচ। পাশে সাদা শার্ট পরা তাঁর সহযোগী তাজুল দেয়াল ধরে কোনোমতে দাঁড়িয়ে ছিলেন।
পুলিশের সামনে প্রথমে তাজুলকে হত্যার হুমকি দেন শাহ আলম। এরপর নিজের গলায়ও কিরিচ ধরেন। একপর্যায়ে তিনি বলতে থাকেন, ‘স্যার, আগে আমার আম্মারে কল দেন।’ এরপর জোরে জোরে ফোন নম্বর বলতে থাকেন তিনি।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর আইস ফ্যাক্টরি রোডের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় শাহ আলম জড়িত ছিলেন। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে সেদিনই তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এর আগেও একাধিক ছিনতাইয়ের ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ দৈনিক আজাদীকে বলেন, শাহ আলম একজন পেশাদার অপরাধী। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি ও সদরঘাটসহ বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












