শিশু-কিশোরদের আচরণে আগ্রাসন : নেপথ্যের কারণ কী

ইয়াসির সিলমী | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

ঘরের বাইরে একটি শিশুর জন্য স্কুলই সবচেয়ে নিরাপদ জায়গা। সেখানে তারা শিক্ষকদের তত্ত্বাবধানে পড়াশোনা করে, খেলাধুলা করে, একে অন্যের সঙ্গে টিফিন ভাগাভাগি করে খায়। আবার কখনো ছোটখাটো বিষয়ে খুনসুটি বা ঝগড়ায় লিপ্ত হয়, যা খুবই স্বাভাবিক। কিন্তু সেই ঝগড়া যখন নিষ্ঠুর আক্রমণ কিংবা প্রাণঘাতী সহিংসতায় রূপ নেয়, তখন বিষয়টি আর নিছক শিশুসুলভ দুষ্টুমি থাকে না।

সমপ্রতি ভারতের হরিয়ানার পঞ্চকুলার একটি সরকারি স্কুলে ঘটে যাওয়া ঘটনা আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। গত ২৮ অক্টোবর আট বছরের এক ছাত্রের হাতে গুরুতর আহত হয় বিশেষ চাহিদাসম্পন্ন ছয় বছরের এক ছাত্রী। স্কুলের ফাঁকা শ্রেণিকক্ষে শিশুটিকে ইট দিয়ে আঘাত করে ছেলেটি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মেয়েটির মাথা বারবার ডেস্কে ঠুকে দেওয়া হচ্ছে। পরে মাটিতে পড়ে যাওয়ার পরও তাকে আঘাত করা হয়। গুরুতর আহত শিশুটি প্রাণে বাঁচলেও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ঘটনাটি স্কুলের নিরাপত্তা এবং শিশুদের মধ্যে সহিংস আচরণের উৎস নিয়ে ভারতজুড়ে উদ্বেগ তৈরি করেছে। এটি ভারতের ঘটনা হলেও বাংলাদেশের অভিভাবক, শিক্ষক ও নীতিনির্ধারকদের জন্যও একটি সতর্কবার্তা। কারণ, আমাদের দেশেও শিশু–কিশোরদের মধ্যে সহিংসতার ঘটনা বাড়ছে।

গত সেপ্টেম্বরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়। সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল। পরদিন লালমাই পাহাড়সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের তদন্তে উঠে আসে, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়। গত ২০ অক্টোবর এ ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে দুজন কিশোর।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে চট্টগ্রামের হাটহাজারীতে নবম শ্রেণির ১৬ বছর বয়সী শিক্ষার্থী তানভীরকে একদল কিশোর পিটিয়ে হত্যা করে। সহপাঠীদের দুটি দলের মধ্যে সংঘাতের জেরে এ ঘটনা ঘটে। একই বছরের জুনে নাটোরে ১০ বছরের মিনহাজকে হত্যার অভিযোগ ওঠে তার ১২ বছর বয়সী এক বন্ধুর বিরুদ্ধে। মোবাইল ফোনে টিকটক দেখা নিয়ে বিরোধের জেরে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়।

এসব ঘটনা বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখলে শিশু–কিশোরদের আচরণে পরিবর্তনের বৃহত্তর চিত্রটি আমাদের চোখ এড়িয়ে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, শিশুরা কি শুধু সহিংসতা দেখছে, নাকি নিজেরাও ক্রমে সহিংসতার অংশ হয়ে উঠছে? তাদের আচরণে আগ্রাসনের নেপথ্যে কী কাজ করছে?

পর্দার সহিংসতায় বাস্তব জীবনে যে প্রভাব :

একসময় শিশুরা বিকেল কাটাত বাসার ছাদে, পাড়ার মাঠে, বন্ধুদের সঙ্গে খেলাধুলায় কিংবা পরিবারের সদস্যদের গল্প শুনে। এখন অনেক শিশুর অবসরের বড় অংশজুড়ে রয়েছে স্মার্টফোন, অনলাইন গেম ও সামাজিক যোগাযোগমাধ্যম। বিশেষ করে শহরাঞ্চলে খেলার মাঠের সংকট, অভিভাবকদের ব্যস্ততা এবং নিরাপদ খেলার জায়গার অভাব শিশুদের ঘরবন্দি করে তুলছে।

শিশুরা অনুকরণপ্রিয়। তারা বড়দের কথা ও আচরণ দেখে শেখে। একইভাবে নাটক, সিনেমা, কার্টুন, ভিডিও গেম ও অনলাইন কনটেন্ট থেকেও আচরণের ধারণা পায়। অনেক গেমে প্রতিপক্ষকে আঘাত করা, অস্ত্র ব্যবহার কিংবা প্রতিশোধ নেওয়াকে সাফল্যের অংশ হিসেবে দেখানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও মারামারি, সংঘর্ষ ও কাউকে অপদস্থ করার ভিডিও কখনো বিনোদনের উপকরণ হয়ে ওঠে।

তবে সহিংস গেম খেললেই শিশু সহিংস হয়ে উঠবে, এমন সরল সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (এপিএ) ২০২০ সালে জানিয়েছিল, সহিংস ভিডিও গেমের সঙ্গে কিছু আক্রমণাত্মক আচরণের সামান্য সম্পর্ক থাকতে পারে। কিন্তু গুরুতর সহিংস আচরণের সরাসরি কারণ হিসেবে এসব গেমকে চিহ্নিত করার মতো পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

এ ক্ষেত্রে মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি প্রাসঙ্গিক। তাঁর মতে, শিশুরা অন্যের আচরণ পর্যবেক্ষণ ও অনুকরণের মাধ্যমেও শেখে। পরিবার, বন্ধু, শিক্ষক ও গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন কনটেন্ট সবই শিশুর আচরণ গঠনে ভূমিকা রাখে।

আগ্রাসনের প্রথম পাঠ কি পরিবারেই?

শিশুর আচরণে আগ্রাসনের উৎস খুঁজতে গিয়ে আমরা অনেক সময় বাইরের জগৎকে দায়ী করি। অথচ শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান তার পরিবার। বাংলাদেশে এখনো অনেক পরিবারে শিশুদের শাসনের নামে মারধর, চড়–থাপ্পড় কিংবা অপমানজনক ভাষা ব্যবহারের প্রবণতা রয়েছে। তাছাড়া পারিবারিক নির্যাতনের মতো ঘটনা তাদের সামনেই ঘটে।

ইউনিসেফের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ থেকে ১৪ বছর বয়সী প্রতি ১০ শিশুর মধ্যে প্রায় ৯ জন প্রতি মাসে বাড়িতে শারীরিক শাস্তি অথবা মানসিক আগ্রাসনের শিকার হয়। অর্থাৎ যে বয়সে একটি শিশু ভালোবাসা, সহমর্মিতা ও সহনশীলতা শেখার কথা, সেই বয়সেই অনেকের কাছে সহিংসতা পরিচিত অভিজ্ঞতা হয়ে উঠছে।

এখানে একটি স্ববিরোধিতা রয়েছে। যে শিশুকে আমরা মারধর করে শৃঙ্খলা শেখাতে চাই, সে–ই হয়তো শিখছে যে রাগ প্রকাশ কিংবা মতবিরোধ মেটানোর একটি উপায় হলো অন্যকে আঘাত করা। এর সঙ্গে যুক্ত হয়েছে পারিবারিক দূরত্ব। অনেক বাবা–মা কর্মব্যস্ততার কারণে সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। আবার একই ঘরে বসে পরিবারের প্রত্যেকে যখন নিজ নিজ স্মার্টফোনে ব্যস্ত থাকেন, তখন শিশুর সঙ্গে কথোপকথন ও আবেগের আদান–প্রদান কমে যায়। সন্তানের স্কুলে কী ঘটল, কোনো বন্ধু তাকে অপমান করল কি না কিংবা তার মনে কোনো ক্ষোভ জমছে কি না, এসব জানার সুযোগও কমে আসে।

বাংলাদেশে কিশোর গ্যাংয়ের বিস্তার শিশু–কিশোরদের আগ্রাসী আচরণের আরেকটি উদ্বেগজনক দিক। কিশোর গ্যাংয়ের সমস্যা শুধু অপরাধপ্রবণ কয়েকটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বন্ধুমহলের চাপ, পরিচিতি ও ক্ষমতা প্রদর্শনের আকাঙ্ক্ষা, পারিবারিক নজরদারির অভাব এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়–প্রশ্রয়। অনেক কিশোর দলবদ্ধ পরিচয়ের মধ্যে একধরনের নিরাপত্তা ও ক্ষমতা খুঁজে পায়। সেখানে ব্যক্তিগত বিবেচনার চেয়ে দলের সিদ্ধান্ত ও আধিপত্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এছাড়াও বিদ্যালয়ে বুলিং, উপহাস, বৈষম্য কিংবা সিনিয়র–জুনিয়র দ্বন্দ্বও শিশু–কিশোরদের মধ্যে ক্ষোভ তৈরি করতে পারে। কেউ নিজেকে গুটিয়ে নেয়, কেউ আবার সেই ক্ষোভ অন্যের ওপর প্রকাশ করে।

শাস্তি নয়, প্রয়োজন বোঝাপড়া:

শিশুর অস্বাভাবিক আগ্রাসী আচরণ দেখা দিলে তাকে শুধু শাস্তি দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। হঠাৎ রেগে যাওয়া, সহপাঠীকে আঘাত করা, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা দেখানো কিংবা আচরণে বড় ধরনের পরিবর্তন আসার পেছনে কোনো মানসিক চাপ, পারিবারিক সমস্যা, নির্যাতন বা অন্য অভিজ্ঞতা কাজ করছে কি না, তা অনুসন্ধান করতে হবে।

বিদ্যালয়ের দায়িত্ব শুধু পাঠদান ও পরীক্ষার ফলাফল নিশ্চিত করা নয়। বিরতির সময়, খেলার মাঠ, সিঁড়ি ও করিডোরে শিক্ষার্থীদের আচরণ পর্যবেক্ষণ করতে হবে। বুলিং প্রতিরোধে সুস্পষ্ট নীতিমালা, শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত মিটিং করা প্রয়োজন। বর্তমানে শিশু–কিশোরদের দ্বারা সংঘটিত কোনো ঘটনাকে হালকাভাবে দেখা উচিত নয়। শিক্ষক, অভিভাবক ও প্রয়োজনে শিশু মনোবিশেষজ্ঞের সমন্বয়ে কারণ অনুসন্ধান করতে হবে। বিদ্যালয়ে শুধু সিসিটিভি ক্যামেরা স্থাপন করলেই হবে না, পাশাপাশি প্রয়োজন দায়িত্বশীল তদারকি।

পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক দক্ষ শিক্ষক ও কর্মচারী নিয়োগ নিশ্চিত করা এবং যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করা। সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক, গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়াসহ সব পক্ষের দায়িত্ব রয়েছে। বিদ্যালয়ে বয়স উপযোগী গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা শিক্ষা চালু করা প্রয়োজন। শিশুকে শেখাতে হবে, সিনেমার সহিংসতা বাস্তব জীবনের আচরণ হতে পারে না; রাগ বা মতবিরোধের সমাধান মারামারি নয়।

অভিভাবকদেরও সন্তানের ডিজিটাল ডিভাইস ব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে। সে কোন গেম খেলছে, কী ভিডিও দেখছে, অনলাইনে কার সঙ্গে যোগাযোগ করছে, এসব জানা জরুরি। বয়স অনুযায়ী স্ক্রিন ব্যবহারের সময় নির্ধারণের পাশাপাশি মাঠে খেলাধুলা, বই পড়া, ছবি আঁকা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি করতে হবে।

শিশু–কিশোরদের বেড়ে ওঠা শুধু একটি পরিবারের বিষয় নয়; এটি দেশের ভবিষ্যতেরও প্রতিচ্ছবি। সন্তানদের শুধু ভালো ফল করতে শেখালেই হবে না, পরাজয় মেনে নেওয়া, মতবিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং অন্যের প্রতি সহমর্মিতা দেখানোও শেখাতে হবে। কারণ, আমাদের লক্ষ্য শুধু মেধাবী প্রজন্ম তৈরি করা নয়; প্রয়োজন সহমর্মী, সংবেদনশীল, মেধাবী ও মানবিক মানুষ গড়ে তোলা।

লেখক: চেয়ারম্যান, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি– বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধহেমন্তের নবান্ন উৎসব : সোনালি ফসল, কৃষকের আনন্দ ও বাংলার ঐতিহ্য