হেমন্তের নবান্ন উৎসব : সোনালি ফসল, কৃষকের আনন্দ ও বাংলার ঐতিহ্য

প্রীতিশ রঞ্জন বড়ুয়া | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

অপরূপ ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশ। ছয়টি ঋতু আবর্তিত হয়ে আমাদের নানাভাবে দোলা দেয়। ঋতুর পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয় মানুষের জীবনযাপন, খাওয়াদাওয়া ও সৌন্দর্যানুভূতি। প্রতিটি ঋতু তার স্বতন্ত্র রূপ নিয়ে আবির্ভূত হয়। নাগরিক জীবনে ঋতু পরিবর্তনের অনুপম সৌন্দর্য কম ধরা পড়লেও গ্রামীণ জীবনে এর প্রভাব অত্যন্ত বেশি। বৈশ্বিক উষ্ণায়নের কারণে যদিও এখন এক ঋতুর মধ্যে অন্য ঋতুর প্রভাব দেখা যায়। এ যেন একটি ঋতু তার অসমাপ্ত কাজের ভার আরেকটি ঋতুকে দিয়ে যাওয়া।

বাংলার ছয় ঋতুর মধ্যে হেমন্ত একটি অপূর্ব সুন্দর, স্নিগ্ধ ও বৈচিত্র্যময় ঋতু। প্রকৃতির রূপ, নতুন ধানের ঘ্রাণ, শিশিরভেজা সকাল, নবান্নের আনন্দ আর গ্রামবাংলার উৎসব–সব মিলিয়ে হেমন্তের রয়েছে এক স্বতন্ত্র সৌন্দর্য। একে বাংলার প্রকৃতির এক আনন্দময় ফসলের ঋতুও বলা যায়। ভাত বাঙালির প্রধান খাদ্য। কৃষক তাঁর সারা বছরের ভাতের সংস্থান করেন এই ঋতুতে।

হেমন্তের স্বতন্ত্র সৌন্দর্য থাকলেও নেই কোনো বাহুল্য বা জৌলুশ। নেই কোনো অপরিমিত মনমাতানো ফুলের সৌরভ কিংবা ফলের অঢেল সমাহার। শিউলি তার সৌরভ ছড়ালেও নেই কোনো অফুরন্ত ভালোবাসার প্রাচুর্য। তার সৌন্দর্য বরং স্নিগ্ধ, শান্ত ও মায়ামমতায়। আছে লাবণ্যময়ী নারীর অনির্বচনীয় কল্যাণী রূপশ্রী, যে রূপ শীতের শুষ্কতায় লাবণ্য হারানোর আশঙ্কায় থাকে।

বাংলা ঋতুচক্রের চতুর্থ ঋতু হলো হেমন্ত। কার্তিক ও অগ্রহায়ণ–এই দুই মাস নিয়ে হেমন্তকাল। সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত হেমন্তের বিস্তার। যদিও বাংলা মাসের হিসাব ও ইংরেজি মাসের হিসাবে তারতম্য থাকে।

শরতের শারদীয় উৎসবের সমাপনে হেমন্ত আসে প্রকৃতিতে এক শান্ত, কোমল ও মায়াবী আবহ নিয়ে। এ সময় দিনের বেলা গরম থাকলেও গ্রীষ্মের মতো তীব্র গরম থাকে না, আবার শীতের ঠান্ডাও আসে না। আবহাওয়া থাকে অনেকটা আরামদায়ক।

বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত হেমন্তে দেখা মেলে মাঠজুড়ে পাকা ধানের শীষের সোনালি আভা। অনেক জায়গায় দেখা যায় সোনালি শস্যক্ষেত। ধানের শীষে, ঘাসের ডগায় মুক্তার মতো শিশিরবিন্দু জমে থাকে। শিউলি ফুলের সুবাস, সকালের কোমল রোদ ও বিকেলের স্নিগ্ধ পরিবেশ মনকে প্রশান্ত করে।

হেমন্তের শেষের দিকে রাত ও ভোরে শীতের আমেজ ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীতের আগমনী বার্তা জানিয়ে দেয়। গ্রামের মানুষ টাঙিয়ে রাখা কাঁথা–কম্বল নামায়। কৃষকের ঘরে নতুন ধান ওঠার আনন্দ শুরু হয়। অনেক গাছের পাতা হালকা হলুদাভ রং ধারণ করে। ‘শীতপ্রধান দেশগুলোতে এ সময় গাছের পাতায় দেখা যায় হলুদ, কমলা ও লাল রঙের অপূর্ব সমারোহ; শুরু হয় পাতা ঝরার মনোমুগ্ধকর দৃশ্য।‘ হেমন্তের সবচেয়ে আনন্দময় ও ঐতিহ্যবাহী উৎসব হলো নবান্ন উৎসব। ‘নবান্ন’ শব্দের অর্থ নতুন অন্ন বা নতুন চালের ভাত। নতুন ধান ঘরে তোলার আনন্দে বাংলার কৃষকসমাজ আনন্দে মেতে ওঠে। এ আনন্দ–উৎসব কৃষকের হৃদয় উৎসারিত। ফলন ভালো হলে এবং সুষ্ঠুভাবে ফসল ঘরে তুলতে পারলে কৃষকের আনন্দের সীমা থাকে না। তাই নতুন ধান কাটার পর নবান্নের আনন্দ ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহরে। নবান্ন উৎসবের আয়োজনে সাধারণত নতুন ধানের চাল দিয়ে রান্না করা হয় ভাত। নতুন চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, পুলি পিঠাসহ নানা ধরনের পিঠা তৈরি করা হয়। নতুন চাল, দুধ ও গুড় দিয়ে সুস্বাদু পায়েস তৈরি করা হয়।

পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা একত্র হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয় । আনন্দ ভাগাভাগি করলে সেই আনন্দ বহুগুণ বেড়ে যায়। পরিবার, সমাজ ও মানুষের মধ্যে ঐক্য ও সমপ্রীতি বাড়ে।কোথাও কোথাও বাউল গান, ভাটিয়ালি, জারি–সারি, লোকনৃত্য ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। সারা বছরের হাড়ভাঙা পরিশ্রমের পর নতুন ফসল ঘরে তোলার আনন্দে কৃষকেরা উৎসবে মেতে উঠে।এটি বাংলার কৃষিনির্ভর জীবন, ঐতিহ্য, সমপ্রীতি ও সামাজিক বন্ধনের প্রতীক।

হেমন্তকাল মানুষের জীবনযাত্রা, অর্থনীতি, সংস্কৃতি ও মানসিকতার ওপর গভীর প্রভাব ফেলে। এই সময়টা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় আমন ধান পাকে এবং কৃষকেরা তা কেটে ঘরে তোলেন। সারা বছরের পরিশ্রমের ফল হাতে পাওয়ার আনন্দ তাঁদের মনে নতুন আশার সঞ্চার করে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতায় হেমন্তের শস্যসম্ভারকে অপূর্বভাবে তুলে ধরেছেন– ‘ভরেছ, হেমন্তলক্ষ্মী, ধরার অঞ্জলি পক্ক ধানে।’

নতুন ফসল ঘরে ওঠায় গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। কৃষকেরা ধান বিক্রি করে অর্থ উপার্জন করেন। বাজারে চাল, ধান ও কৃষিপণ্যের কেনাবেচা হয়। কৃষকেরা চাষাবাদের সময় নেওয়া ঋণ শোধ করেন। আগেকার দিনে বাদশাহী খাজনা পরিশোধ করা হতো।অনেকে ছেলে–মেয়েদের নতুন জামাকাপড় কিনে দেন। এ সময় নতুন চালের ভাত, পিঠা, পায়েস, খই, মুড়ি ও নানা রকম মুখরোচক খাবার মানুষের খাদ্যতালিকায় স্থান পায়। খেজুরের রস ও গুড়ের মৌসুমও সামনে আসে। নবান্ন উৎসব মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সমপ্রীতি ও সহযোগিতার মনোভাব বাড়ায়। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে যোগাযোগ ও আন্তরিকতা বৃদ্ধি পায়।

হেমন্তের স্নিগ্ধ প্রকৃতি মানুষের মনে প্রশান্তি ও আনন্দ সৃষ্টি করে। নতুন ফসলের প্রাচুর্য মানুষকে আশাবাদী করে তোলে। প্রকৃতির সৌন্দর্য কবি, সাহিত্যিক ও শিল্পীদের সৃষ্টিশীলতাকেও অনুপ্রাণিত করে।

হেমন্ত আমাদের মনে করিয়ে দেয়– প্রকৃতির প্রতিটি পরিবর্তনের মধ্যেই রয়েছে নতুন জীবনের সম্ভাবনা। ধান পাকার মধ্য দিয়ে যেমন কৃষকের ঘরে সমৃদ্ধি আসে, তেমনি মানুষের মনেও জাগে নতুন স্বপ্ন ও প্রত্যাশা। হেমন্ত ঋতু আমাদের জীবনের সেই বার্তাই বহন করে– ‘পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি’। পরিশ্রম করলে ফল একদিন অবশ্যই আসবে।

মানুষ হিসেবে আমরা কৃষকের কাছে চিরকৃতজ্ঞ। তাঁরা ফসল ফলান বলেই আমরা দুবেলা পেটভরে খেতে পারি। মাথার ঘাম পায়ে ফেলে কৃষক যে অমূল্য ফসল উৎপাদন করেন, তা আমাদের জীবন ও অর্থনীতির প্রধান অবলম্বন। মানুষের জীবনধারণে কৃষকের অবদান এবং প্রকৃতির অফুরন্ত দান কখনো বিস্মৃত হওয়ার নয়।

উপসংহারে বলা যায়, হেমন্ত বাংলার প্রকৃতি ও মানুষের জীবনে এক অনন্য ঋতু। এর সোনালি ধানক্ষেত, শিশিরভেজা সকাল, মিষ্টি রোদ, নতুন ফসলের ঘ্রাণ এবং নবান্নের উৎসব বাঙালির জীবনকে আনন্দে পরিপূর্ণ করে তোলে। হেমন্ত আমাদের কৃষির সঙ্গে প্রকৃতির সম্পর্ক, শ্রমের মর্যাদা এবং সামাজিক সমপ্রীতির কথা স্মরণ করিয়ে দেয়।

হেমন্ত যেন প্রকৃতির পক্ষ থেকে মানুষের প্রতি এক ভালোবাসার উপহার–যেখানে সোনালি ধানের হাসিতে ফুটে ওঠে কৃষকের স্বপ্ন, আর নতুন অন্নের ঘ্রাণে জেগে ওঠে বাঙালির হাজার বছরের ঐতিহ্য।

লেখক: প্রাবন্ধিক, সংগঠক ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা জনগোষ্ঠীর ভার আর কতদিন বহন করতে হবে
পরবর্তী নিবন্ধশিশু-কিশোরদের আচরণে আগ্রাসন : নেপথ্যের কারণ কী