রোহিঙ্গা জনগোষ্ঠীর ভার আর কতদিন বহন করতে হবে

শাহেদ আলী টিটু | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলােেশর কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের ৩৪ টি ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখের মধ্যে নিবন্ধিত সংখ্যা বর্তমানে সাড়ে ১২ লাখ । তার মধ্যে ৮ লাখ এসেছে ২০১৭ সালে বাকিরা ২০২৪ সালের শেষে এবং ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। ২০২৫ সালের ৩০ শে সেপ্টেম্বর জাতিসংঘের সদর প্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রধান উপষ্টো ড. মুহাম্মদ ইউনুস দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে ৭ দফা প্রস্তাব পেশ করেছিলেন আর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য উচ্চপর্যায়ের বৈঠকে পাঁচ দফা প্রস্তাব দেন। প্রস্তাবগুলো হলো আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদার্পূণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, আন্তর্জাতিক সম্প্রদায় ও অন্যান্য রাষ্ট্রকে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহায়তা করা এবং তার প্রভাব কাজে লাগিয়ে মিয়ানমারের অভ্যন্তরে মন পরিস্থিতি সৃষ্টি করতে হবে যা প্রত্যাবাসনের অনুকূল, রোহিঙ্গাসহ মিয়ানমারের বেসামরিক জনগণের উপর সহিংসতা বন্ধ করা, পর্যাপ্ত মানবিক সহায়তা অব্যাহত রাখা, ন্যায় বিচার ও জবাবদিহি নিশ্চিত করা, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। মানবিক সহায়তার উদারতা রাজনৈতিক নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনির্দিষ্টকালের জন্য কেবল বাংলাদেশই রোহিঙ্গাদের দায়ভার বহন করবে তা প্রত্যাশাও করা যায় না। সংকটের উৎপত্তি হয়েছে মিয়ানমারে এবং এই সংকটের টেকসই সমাধানও মিয়ানমারে নিহিত।

২০১৭ সাল থেকে নয় বছরের বেশি সময় ধরে বাংলাদেশে অনুপ্রবেশকারী ১২ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ। মানবিক সহায়তা ২০২৫ সালে ৯৩৪ মিলিয়ন মার্কিন ডলার থেকে কমে ২০২৬ সালে ৭১০ মার্কিন ডলার হয়েছে। যা দিয়ে কেবল ন্যূনতম জীবন রক্ষাকারী প্রয়োজন মেটানো সম্ভব। মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মি উভয়ের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এ কারণে এখনো সেখানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। তাদের মাথাপিছু রেশন ১২ ডলার থেকে কমে ৭ ডলার হয়েছে। রেশন কমে যাওয়ায় কিছু পুরুষ শিবিরের বাইরে গিয়ে অনানুষ্ঠানিক কাজেও নিয়োজিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের এক গবেষণায় দেখা গেছে নাগরিকত্ব নিরাপত্তা নিশ্চিত না হলে ৮৭ শতাংশ রোহিঙ্গা নিজভূমে ফিরে যেতে আগ্রহী নয়। নিরাপত্তা ও আন্তর্জাতিক তদারকি, জমি, ঘর ফিরিয়ে দেওয়া, পুনর্বাসন, অবাধ চলাচল এবং স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকার মত মৌলিক চাহিদার নিশ্চয়তা চান তারা। এসব অনিশ্চয়তার মধ্যেও মালয়েশিয়ায় আশ্রিত প্রায় ১ লাখ ৯৩ হাজার শরণার্থীর মধ্যে প্রথম দফায় তারা ১০ হাজার শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। মালয়েশিয়া প্রত্যাবাসন শুরু করতে পারলেও বাংলাদেশের রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার আগ্রহ দেখাচ্ছে না। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস গত বছর রমজান মাসে রোহিঙ্গা ক্যাম্পে তাদের সঙ্গে ইফতারে অংশ নিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন দোয়া করি সামনের বার যেন আপনারা নিজের বাড়িতে গিয়ে ঈদ করতে পারবেন। জাতিসংঘের মহাসচিবের সফরের পর আশা করা হয়েছিল রোহিঙ্গা প্রত্যাবাসন শীঘ্রই শুরু হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সে সময় বলেছিলেন এক লাখের ও বেশি রোহিঙ্গা প্রত্যাবাসন শীঘ্রই শুরু হবে । কিন্তু একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি ।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনকে সংকটের টেকসই সমাধান হিসেবে জোরালোভাবে তুলে ধরা হলেও মিয়ানমারের জান্তা সরকার তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়নি। এ অবস্থায় রাখাইন এর পরিস্থিতি আরো সংঘাতময় হয়ে উঠেছে। আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। পুরো রাখাইন রাজ্যের ৯০% এলাকা এখন পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। তারা ঘোষণা দিয়েছে ২০২৭ সালের মধ্যে রাখাইন রাজ্য পুরোটাই তারা দখল করে নেবে। মিয়ানমার আর্মি সেখানে বোমা ফেলেও নিয়ন্ত্রণ নিতে পারছে না। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে শুধু জান্তা সরকারের সঙ্গে আলোচনা করলেই সমাধান আসবে না। কারণ কার্যত রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ তাদের হাতে নেই।

এখন যেহেতু রাখাইনে শুধু রোহিঙ্গা মুসলমানদের বিতাড়িত করা হয়েছে তাই এটি একটি সুস্পষ্ট জাতিগত সংঘাত। এখানে ওআইসিরও জোরালো ভূমিকা পালন করার আছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ এখন শুধু চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের দারস্থ হয়েছে। পাশাপাশি ওআইসিভুক্ত দেশগুলোর কাছেও আশ্রিত রোহিঙ্গা মুসলিমদের জন্য সহায়তা চাওয়া যেতে পারে। কারণ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সাহায্য কমে গেছে। ২০২৫ সালে চাওয়া হয়েছিল ৯৩ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। সাহায্য পাওয়া গেছে ৪৩ কোটি ৪৫ লাখ ডলার। যা চাহিদার মাত্র ৪৬ শতাংশ। চলতি বছর অর্থসংকটের কারণে জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলোর বরাদ্দ কমানো হয়েছে। ২০২৬ সালে ৭১ কোটি ৫ লাখ ডলার চাহিদার বিপরীতে ৩১ কোটি ৩৩ লাখ ডলার অর্থায়নের তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের খাদ্য, স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা খাতে বিরূপ প্রভাব পড়েছে। কক্সবাজার, টেকনাফ কিছুদিন ধরে ইয়াবা ও মাদক চোরাচালানোর একটি নিরাপদ রুট হিসেবে পরিচিত। ক্যাম্পগুলোতে মাদক, অস্ত্র ব্যবসা বিস্তার লাভ করেছে। সেখানে কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর পারস্পরিক দ্বন্দ্ব ও তৎপরতা মাঝে মাঝে প্রকাশ্যে আসে। এ অবস্থা চলতে থাকলে এলাকাটি অচিরেই অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হবে। এতে শুধু গোটা কক্সবাজার এলাকার সামাজিক পরিবেশ বিঘ্নিত ও নিরাপত্তা সংকট তৈরি হবে না বরং সারাদেশের নিরাপত্তা সংকট সৃষ্টি হবে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন মানবিক সহায়তার বড় যোগানদাতা। কিন্তু যেভাবে তাদের সাহায্যের পরিমাণ কমে যাচ্ছে এতে বড় ধরনের মানবিক বিপর্যয়ের শংকা তৈরি হয়েছে। খাদ্য সংকটসহ এ রকম বড় ধরনের সংকট তৈরি হলে তা মোকাবেলা করার মত আর্থিক সক্ষমতা বর্তমানে বাংলাদেশের নেই। এত বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠীর ভার বাংলাদেশের আর কতদিন বহন করতে হবে জানি না।

লেখক : গল্পকার, প্রাবন্ধিক, কলামিস্ট

পূর্ববর্তী নিবন্ধনির্জনতা
পরবর্তী নিবন্ধহেমন্তের নবান্ন উৎসব : সোনালি ফসল, কৃষকের আনন্দ ও বাংলার ঐতিহ্য