আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। এতে জয়লাভ করে ইস্পাহানি ক্রিকেট একাডেমি এবং সানরাইজ ক্রিকেট একাডেমি। দিনের প্রথম খেলায় ইস্পাহানি ক্রিকেট একাডেমি ৪ উইকেটে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমিকে পরাজিত করে। টসে হেরে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে। জবাবে ইস্পাহানি ক্রিকেট একাডেমি ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান তুলে নেয়। বিজয়ী দলের সাজিদ আবরার রিয়েল (২৫ বলে অপ. ৫২ রান) প্লেয়ার অব দি ম্যাচ হন।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে সানরাইজ ক্রিকেট একাডেমি ৯ উইকেটে বাঁশখালী ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে বাঁশখালী ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে। ১৯.৫ বল খেলে ৯২ রানে তারা সবাই আউট হয়ে যায়। জবাবে সানরাইজ ক্রিকেট একাডেমি ৯.৫ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে নেয়। বিজয়ী দলের মহিউদ্দিন সোহাগ (২২ রানে ৩ উইকেট) প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন। এর আগে দুপুরে উৎসবমুখর পরিবেশে অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আকবর ৭ গ্রুপের চেয়ারম্যান মো. আলী আকবর। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এবং বিসিবি পরিচালক ও এশিয়ান গ্রুপের উপ–ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাব সমিতির উপদেষ্টা ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান, ক্লাব সমিতির সহ–সভাপতি ও টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, বিসিবি কাউন্সিলর সাবেক জাতীয় ক্রিকেটার শহিদুর রহমান, সাবেক ক্রিকেটার ও বিসিবি ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, টুর্নামেন্টের কো–স্পন্সর আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম রাজা, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. দিদারুল আলম চৌধুরী, টুর্নামেন্ট কমিটির সদস্য সিজেকেএস কাউন্সিলর আবু সামা বিপ্লব, আলী হাসান রাজু, জয়নাল আবেদীন এবং সরওয়ার হোসেন প্রমুখ। আজকের খেলা: মিলেনিয়াম ক্রিকেট একাডেমি বনাম চিটাগাং ক্রিকেট একাডেমি,চন্দনাইশ ক্রিকেট একাডেমি বনাম এ জে ক্রিকেট একাডেমি।












