শ্রমশক্তির উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে আইএলওর সাথে কাজ করবে চেম্বার

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে দেশব্যাপী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালু করার উদ্যোগ নিয়েছে এবং এ কাজে কারিগরি সহযোগি হিসেবে কাজ করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষাব্যবস্থাকে শিল্পের চাহিদার আলোকে সময়োপযোগী করার লক্ষ্যে আইএলও–এর সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। এ লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন, কর্মভিত্তিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সহায়তা সেবা চালুর ওপর গুরুত্বারোপ করা হয়। গতকাল মঙ্গলবার আইএলও’র প্রতিনিধিদলের সঙ্গে চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়। চেম্বার সভাপতি আমিরুল হক বলেন–দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনে ইন্ডাস্ট্রির বাস্তব চাহিদাভিত্তিক কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী বিভিন্ন সাধারণ ডিগ্রি অর্জন করলেও শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী পাচ্ছে না। অন্যদিকে শিক্ষিত তরুণ–তরুণীরাও উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যবধান দূর করতে কানাডাসহ উন্নত দেশগুলোর আদলে স্বল্পমেয়াদী পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্লাম্বিং, পেইন্টিং, কাটিং, সেলাই, গ্যাস সংযোগসহ বিভিন্ন কারিগরি বিষয়ে দক্ষ জনবল তৈরি করতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (AI) আধুনিক প্রযুক্তির প্রভাব বিবেচনায় নিয়ে শিক্ষাক্রম ও প্রশিক্ষণ পদ্ধতি যুগোপযোগী করা জরুরী। শিল্পের প্রয়োজনীয়তা বিবেচনায় দ্রুত সুপারিশমালা প্রণয়ন করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করার জন্য চেম্বার সভাপতি আইএলওকে অনুরোধ করেন।

সভায় ভার্চুয়ালী যুক্ত থেকে আইএলওর বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন–আইএলও বাংলাদেশ সরকার, শ্রমিক ও মালিক সবার স্বার্থ ও প্রয়োজন নিয়ে কাজ করছে। আইএলওর মূল লক্ষ্য হলো অধিক ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মক্ষেত্রে কাজের পরিবেশ উন্নত করা। সভায় আইএলও পক্ষ থেকে প্রেজেন্টেশনের মাধ্যমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের বিভিন্ন বিষয় তুলে ধরেন সংস্থাটির ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ওয়াসফি তামিম। এসময় অন্যান্যের মধ্যে চেম্বার সিনিয়র সহ–সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক শহীদুল আলম, বিজিএমইএ পরিচালক এনামুল আজিজ চৌধুরী ও মো. সাইফুল্লাহ, আইএলও’র চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার পিটার বেলেন–হেড অব প্রোগ্রাম গুঞ্জন দাল্লাকোটি, সিনিয়র প্রোগ্রাম অফিসার তানজেল আহসান, বিজিএমইএ’র চিফ কোর্ডিনেটর আইএলও এন্ড লেবার অ্যাফেয়ার্স এ এনএম সাইফুদ্দিন, রিটজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মোঃ জামশেদ আলী ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদকমুক্ত-নিরাপদ আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা গড়া সময়ের দাবি
পরবর্তী নিবন্ধচমকস কাবাডি কমিটির সভা