হাটহাজারীতে জুতার কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

ছাড়পত্র নেই, কৃষিজমিতে বর্জ্য

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে কৃষিজমিতে কারখানার বর্জ্য ফেলে জমির ক্ষতিসহ বিভিন্ন অনিয়মের দায়ে বেশরফ সুজ নামের একটি জুতার কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হাটহাজারী পৌরসভার ১১ মাইল এলাকার পশ্চিমে কারখানাটিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অভিযান সূত্রে জানা গেছে, কারখানার বর্জ্য ফেলে কৃষিজমির ক্ষতি করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান ভ্রাম্যমাণ আদালত। সেখানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়া অভিযানের সময় কারখানাটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া যায়নি।

এসব অনিয়মের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর সংশ্লিষ্ট ধারায় কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে জরিমানার টাকা আদায় করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, পরিবেশ ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার কিশোর
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কালীমন্দিরের দানবাক্স ও স্বর্ণালংকার চুরি