সাজেক সড়কে অবরোধ প্রত্যাহার নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি

কার্বারি অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, অবরোধ অব্যাহত রাখার ঘোষণা গণকমিটির

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে চলমান অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সভাপতি নতুন জয় চাকমা। তবে তার এ ঘোষণার পর অবরোধ প্রত্যাহার নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে আন্দোলনসংশ্লিষ্ট পক্ষগুলো। সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি দাবি করেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) চাপে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে পিসিজেএসএস। গণকমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধ প্রত্যাহার ও কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে নতুন জয় চাকমা বলেন, দীর্ঘস্থায়ী অবরোধের কারণে সাজেকে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাইরের এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তিনি দাবি করেন, ইউপিডিএফের উসকানি ও প্ররোচণায় সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠিত হয়েছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাধারণ মানুষকে জোরপূর্বক এসব সংগঠনের কার্যক্রমে যুক্ত করা এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। নতুন জয় চাকমা বলেন, একজন কার্বারি হিসেবে স্থানীয় বাসিন্দাদের স্বার্থ ও অধিকার রক্ষা করাই তার দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকে তিনি সংগঠনের কার্যক্রম থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত এবং অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। তার ভাষ্য, কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং সাজেকের সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও বৃহত্তর কল্যাণের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি। সংগঠনটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, পিসিজেএসএসের চাপে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি অবরোধ প্রত্যাহার ও কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে তাদের চলমান আন্দোলন ও অবরোধ অব্যাহত থাকবে।

রাজনৈতিক চাপ প্রয়োগের এ অভিযোগ অস্বীকার করেছেন পিসিজেএসএসের কেন্দ্রীয় সহ–তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি বলেন, এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। পিসিজেএসএস কোনো ধরনের চাপ প্রয়োগ করেনি।

এরপর গতকাল রাত ১০টার পর গণমাধ্যমে পাঠানো আরেক বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি। সংগঠনটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা জানান, পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেকবাসীর অবরোধ অব্যাহত থাকবে। জনগণের ‘স্বার্থপরিপন্থী ষড়যন্ত্র ও অপপ্রচারে’ বিভ্রান্ত না হয়ে চলমান অবরোধ সফল করার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, রাঙামাটির সাজেক এলাকা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের প্রত্যাহারের দাবিতে গত ২২ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করে আসছিল সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। সংগঠন দুটি ইউপিডিএফ–সমর্থিত হিসেবে পরিচিত। অবরোধের কারণে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে কার্বারি অ্যাসোসিয়েশন অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও গণকমিটি তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ফলে সড়ক অবরোধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১
পরবর্তী নিবন্ধসাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত