অনুমোদন ছাড়া যত্রতত্র পোস্টার লাগানোর অপরাধে নগরে ৫টি কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে গতকাল সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (জোন–৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার।
দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে– ‘উদ্ভাস’, ‘উন্মেষ’, ‘ফ্লোরেন্স নার্সিং স্কুল’, ‘ইনডেঙ’ ও ‘সায়েন্স কেয়ার’। কোচিং সেন্টারগুলোর প্রতিটিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ উদ্যোগে ও দায়িত্বে অবৈধভাবে লাগানো পোস্টার অপসারণের অঙ্গীকারনামা (মুচলেকা) নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার আজাদীকে বলেন, যেখানে–সেখানে পোস্টার লাগিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করে ফেলছে। চকবাজার এলাকায় খুব খারাপ অবস্থা। কিছুদিন আগে আমরা অপসারণ করেছিলাম, আবার লাগিয়েছে।












