চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার চট্টগ্রামে ১ লাখেরও বেশি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। গত ৭ নভেম্বর ছিল খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ দিন। তবে শিক্ষার্থীদের আবেদনের সুবিধার্থে গত শনিবার রাতে সময় বাড়িয়ে গত রোববার দুপুর ১২টা পর্যন্ত করা হয়। বর্ধিত সময় শেষ হওয়ার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশ, যা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন।












