বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন টিএমটিজি গ্রুপের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোসালে ২০২৫ সালের মার্চে অ্যাকাউন্ট খুলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু খুব বেশি পোস্ট থাকত না তার। তবে ট্রুথ স্যোসালে ট্রাম্পের বিভিন্ন পোস্টে প্রায়ই মোদীর নাম ও তার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রসঙ্গ আসে। এখন জানা যাচ্ছে, গত জুনে মোদীর দীর্ঘতম মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় থাকার অর্জন নিয়ে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে যে পোস্টটি করেছিলেন, তা বাস্তবায়নে একটি লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ করেছিল ভারত সরকার। এর জন্য ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ নামে ওই প্রতিষ্ঠানটিকে মাসে ৭৫ হাজার ডলার দিয়েছে দিল্লি। খবর বিডিনিউজের।
গত শনিবার ভারতের অনলাইন সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদনে বলা হয়, ভারত সরকারের পক্ষে নিয়োজিত মার্কিন লবিং ফার্মটি সমপ্রতি সে দেশের ‘ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট (এফএআরএ)’ এর অধীনে দাখিলকৃত নথিতে ট্রুথ সোস্যালে মোদীর হয়ে লবিং চালানোর বিষয়টি প্রকাশ করেছে।
‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের দ্বারা পরিচালিত। ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মাসে ৭৫ হাজার ডলারের বিনিময়ে দিল্লির সঙ্গে চুক্তিভুক্ত হয় প্রতিষ্ঠানটি। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা এই লবিং ফার্মটির মূল টিমের অন্যতম সদস্য। এছাড়া ট্রাম্পের বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত মার্কারির নিবন্ধিত লবিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
খবরে বলা হয়, দাখিলকৃত তথ্য উপাত্ততে মার্কারি তাদের যেসব কার্যক্রমের তালিকা জমা দিয়েছে, তার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এঙ (সাবেক টুইটার) ও ট্রুথ সোশ্যালে প্রকাশিত ট্রাম্পের গত জুনের একটি পোস্ট অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে ভারতের দীর্ঘতম মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে ট্রাম্প অভিনন্দন জানিয়েছিলেন।












