চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর ফরেস্ট গেট এলাকায় ইমতিয়াজ সুলতান ইকরাম নামের এক যুবককে অতর্কিত মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে হাসিনা মঞ্জিলের কাছে এ ঘটনা ঘটে।
ইমতিয়াজ সুলতান ইকরাম মহানগরের মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। আহত যুবক আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, দুটি মোটরসাইকেলে এসে পাঁচজন যুবক ইকরামকে গুলি করে পালিয়ে যায়। হামলাকারীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত বলেন, গুলিবিদ্ধ যুবক চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আশঙ্কামুক্ত। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি। আমরা তাদেরকে অভিযোগ নিয়ে থানায় আসার জন্য বলেছি। পরিবারের অভিযোগ, পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগীরা এ হামলা চালিয়েছে।
এদিকে, আহত ইকরামের স্ত্রী রুমা আক্তার স্মৃতি ফেসবুক লাইভে এসে তার স্বামীকে বড় সাজ্জাদ বাহিনীর সন্ত্রাসীরা গুলি করেছে বলে অভিযোগ করেন। একই সঙ্গে হাসপাতালে তার স্বামীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি। ইকরামের স্ত্রী রুমা আক্তার স্মৃতি জানান, তারা দীর্ঘদিন ধরে ‘বড় সাজ্জাদ বাহিনীর’ কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। সোমবার দুপুরে ইমতিয়াজ তার বাবার বাসার নিচে গলিতে একটি দোকানের সামনে বেঞ্চে বসেছিল। এ সময় ৬ থেকে ৭ জনের একটি দল এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
এ ঘটনার জন্য স্মৃতি বড় সাজ্জাদ, তার অনুসারী রায়হান, সাবের ও ইসমাইল নামে কয়েকজনকে দায়ী করে বলেন, এর আগেও বিভিন্ন সময়ে তারা ইকরাম ও আমাকে হুমকিয়ে দিয়ে আসছিল। এসব ঘটনায় আমরা বিভিন্ন সময়ে মামলাও করেছিলাম।
গত বছরের ১৪ নভেম্বর ইকরামকে বিদেশি নম্বর থেকে এসএমএসে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন স্মৃতি। এ ঘটনার জন্য ইকরাম সন্ত্রাসী রায়হানকে দায়ী করেছিলেন।
চলতি বছরের ২০ মার্চ ইকরামের স্ত্রী স্মৃতি পাঁচলাইশ থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন। সেখানে তিনি সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করার কারণে এ হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছিলেন।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, ইমতিয়াজ দোকানের সামনের বেঞ্চে বসা অবস্থায় অস্ত্র হাতে পাঁচ যুবক সিডিএ অ্যাভিনিউ সড়কের পূর্ব দিক থেকে হেঁটে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। এ সময় ইমতিয়াজ পাশের চারতলা একটি ভবনের দোতলায় উঠে যান। তখন অস্ত্রধারীরা ভবনটি ঘিরে গুলি করতে থাকেন। দোতলা ভবনটির কাচের জানালাও গুলিতে ভেঙে গেছে। এসময় তার কোমর ও পায়ের তালুতে গুলি লাগে। পরে অস্ত্রধারীরা হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে; কিছু দূর গিয়ে মোটরসাইকেলে উঠে দ্রুত পালিয়ে যায়।
জানা গেছে, ছোট সাজ্জাদকে ২০২৫ সালের মার্চ মাসে ঢাকার একটি শপিংমল থেকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করার অভিযোগে ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর সঙ্গে ইমতিয়াজ ও তার স্ত্রী স্মৃতির মধ্যে বিরোধ রয়েছে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি নগরীর আরেফিন নগর এলাকায় বায়েজিদ লিঙ্ক রোড থেকে ইকরাম ও তার এক সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল তখনকার র্যাব। দুই মাস আগে জামিনে মুক্তি পান তিনি।












