প্রথম খেলা পরিত্যক্ত হলেও দ্বিতীয় খেলায় প্রিমিয়ার জয়ী

দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু লালকার্ড প্রদর্শনে রেফারীকে মারধর

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৪০ পূর্বাহ্ণ

দখিনা স্পোর্টস আয়োজিত দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ৪র্থ আসর গতকাল রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে। এতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও সাউদার্ন ইউনিভার্সিটি’র মধ্যেকার দিনের প্রথম খেলাটি লাল কার্ড প্রদর্শন ও রেফারিকে মারধরের কারণে সৃষ্ট জটিলতায় খেলা পরিত্যক্ত হয়েছে। তবে দিনের দ্বিতীয় ম্যাচে প্রিমিয়ার ইউনিভার্সিটি ২–০ গোলে নবাগত বান্দরবান ইউনিভার্সিটিকে পরাজিত করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়োজক দখিনা স্পোর্টসের চেয়ারম্যান প্রফেসর সরোয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সাউদার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এফ এম মোদাসসের আলী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তাসনিম উদ্দিন চৌধুরী ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন দখিনা স্পোর্টসের সদস্য সচিব সাইফুল্লাহ্‌ চৌধুরী। দিনের প্রথম খেলায় দ্বিতীয়ার্ধের ৩৮ মিনিটে জোনায়েদের গোলে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) –এর বিপক্ষে ১–০ গোলে এগিয়ে যায় সাউদার্ন ইউনিভার্সিটি। গোলের পরপরই একটি ফাউলকে কেন্দ্র করে ফিফা রেফারি খোরশেদ আলম আইআইইউসি’র সাগরকে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখান। এতে সাগরের সতীর্থরা রেফারির উপর চড়াও হয়ে কিল ঘুষি মারতে থাকেন। কিছু উশৃঙ্খল দর্শকও এতে যোগ দেন। এ সময় রেফারিও চেয়ার হাতে মারতে গেলে তাঁর উপর আবারো ঝাঁপিয়ে পড়ে খেলোয়াড় ও উশৃঙ্খল দর্শকরা। এরপর কয়েকজন কর্মকর্তা রেফারিকে নিরাপদ স্থানে নিয়ে গেলেও খেলা চালানোর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উদ্ভুত পরিস্থিতিতে রেফারি খেলা চালাতে অস্বীকৃতি জানালে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ছাত্র–ছাত্রী অনেক দর্শকের উপস্থিতিতে দিনের দ্বিতীয় ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাময় হয়। দু’দলের খেলোয়াড়রা সুন্দর খেলা উপহার দেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির হয়ে খেলার ১১ মিনিটে হাসিবুল হাসান তাহসিন ও ২৮ মিনিটে শাহারিয়ার নাহিদ গোল করেন। দ্বিতীয়ার্ধে আর কোন গোল হয়নি। বিজয়ী দলের শাহারিয়ার নাহিদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

আজকের খেলা : ভেটেরিনারি ইউনিভার্সিটি বনাম ইউএসটিসি (দুপুর ২টা) এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বনাম পোর্টসিটি ইউনিভার্সিটি ( বিকেল ৩ টা ২০ মিনিট)।

পূর্ববর্তী নিবন্ধহাক্কানী ও চিটাগাং সানরাইজের জয়লাভ,মিঠুর অনবদ্য ১৪৮ রান
পরবর্তী নিবন্ধসেঞ্চুরি পেলেন চট্টগ্রামের ইরফান, সাদিকুরের আক্ষেপ