‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত ৭ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ফুলকুঁড়ি আসর চট্টগ্রাম মহানগরী নীহারিকা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগরী নীহারিকা শাখার পরিচালক মিশকাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. কামরুল আজাদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। পরে উদ্বোধনী আলোচনা, দেশাত্মবোধক গান, আবৃত্তি, নাটিকা, সাংস্কৃতিক পরিবেশনা, বইপাঠ প্রতিযোগিতা, থিম সং, আর্ট কম্পিটিশন ও মাইন্ড ম্যারাথনসহ নানা কর্মসূচি পালিত হয়।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতা। এতে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ৭০ জনেরও অধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি আয়োজিত আর্ট এক্সিবিশনে ৫০ জনেরও বেশি প্রতিযোগীর সৃজনশীল শিল্পকর্ম প্রদর্শিত হয়। এছাড়াও শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আদর্শ আসরের প্রদর্শনী, এবং বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, শিশু–কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং জ্ঞান ও সৃজনশীলতায় সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে ফুলকুঁড়ি আসরের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে শিশু–কিশোরদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।











