ফটিকছড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভা। গতকাল রোববার সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সমাবেশস্থলে আসতে শুরু করেন। ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিপন এবং পৌর যুবদলসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃত্বে র্যালি ও মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় অংশগ্রহণ করেন।
পৌরসভা বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। প্রধান বক্তা হিসেবে ছিলেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। প্রধান অতিথি বলেন, ৭ নভেম্বরের সিপাহী–জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। সর্বস্তরের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, তা প্রমাণ করে তারা উন্নয়ন ও শান্তির পক্ষে। বিগত দিনে ফটিকছড়িবাসী যে বৈষম্য ও অবহেলার শিকার হয়েছে, তার অবসান ঘটানো হবে। ফটিকছড়িকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধান বক্তা সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।









