নৈতিক ও মানবিক বোধ সম্পন্ন প্রজন্মই স্বপ্নের দেশ গড়বে

আল হামিম ইনস্টিটিউট ও আন-নিসা একাডেমির বার্ষিক সভায় বক্তারা

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও দ্বীনি শিক্ষার প্রসারে এস এ ফ্যামিলির অন্তর্ভুক্ত আল হামিম ইনস্টিটিউট, আন–নিসা একাডেমি ও তাওহিদুল উম্মাহ মাদরাসার উদ্যোগে বার্ষিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এস এ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল–জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রামের সহকারী পরিচালক মাওলানা মুফতি জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রামের সিনিয়র মুহাদ্দিস কাজী আখতার হোসাইন আনোয়ারী। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন জামিয়া রশিদিয়া, ঢাকার পরিচালক এবং মতিবিল সরকারি কলোনি জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জোবায়ের আহমদ। এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্টেশন রোড জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশীদ নূরী, বায়তুল করিম কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও বায়তুল করিম মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মুফতি ওবায়দুল্লাহ এবং বায়তুল করিম কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইবরাহীম আনোয়ারী। বক্তারা তাঁদের আলোচনায় পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে দ্বীনি শিক্ষার অপরিহার্যতা তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকদের প্রত্যাশা, দ্বীনি শিক্ষার আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং আগামী প্রজন্মকে আদর্শবান, নৈতিকতাসম্পন্ন ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, এস এ ফ্যামিলির দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আল হামিম ইনস্টিটিউট, আন–নিসা একাডেমি ও তাওহিদুল উম্মাহ মাদরাসা। প্রতিষ্ঠানগুলো ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশ গঠনে জিয়ার দর্শন সর্বদা সময়োপযোগী
পরবর্তী নিবন্ধপলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা