সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে টেকনাফে উদ্ধার ৯

বিজিবির অভিযান

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

টেকনাফ উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের প্রস্তুতিকালে নয়জনকে উদ্ধারের খবর দিয়েছে বিজিবি। গতকাল রোববার সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, শনিবার সন্ধ্যায় দক্ষিণ লম্বরীঘাট এলাকা তাদের উদ্ধার করা হয়। খবর বিডিনিউজের।

বিজিবি বলছে, উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১৭ ও ১৬ বছর বয়সী দুজন কিশোর এবং ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। তাদের মধ্যে দুজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বাকিদের বাড়ি কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী ও উখিয়া উপজেলায়। লেফটেন্যান্ট কর্নেল তাজুজের ভাষ্য, ‘সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য কয়েকজন ব্যক্তিকে জড়ো করা হয়েছে বলে গোপনে খবর পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি সদস্যরা দক্ষিণ লম্বরীঘাটে ২০ থেকে ২৫ জনের একটি দলকে দেখতে পান। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে সেটিকে ধাওয়া করা হয়। এক পর্যায়ে পাচারচক্রের ১০ থেকে ১৫ সদস্য দ্রুত নৌকায় উঠে সাগরের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা নয়জনকে উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানান যে, তাদের জোর করে পাচারের উদ্দেশ্যে সেখানে আনা হয়েছিল। উদ্ধারের পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধরোজায় ১০ পণ্য আমদানিতে ন্যূনতম মার্জিন রাখার নির্দেশ
পরবর্তী নিবন্ধউপস্থাপক ফারুকী হত্যা : ৬ আসামির বিচার শুরু