প্রিমিয়ার ভার্সিটির সিএসই বিভাগে ইন্টার্নশিপ কমপ্লিশন প্রোগ্রাম

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ইন্টার্নশিপ সম্পন্নকারী শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কমপ্লিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত ৪ নভেম্বর দামপাড়া ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম.নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার। উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. সাহীদ মো. আসিফ ইকবাল এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী। অতিথি ছিলেন তরি আইটির লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার এইচ.এম. মহিউদ্দিন ইসলাম, অথেনটিক ফোর টেকনোলজির চিফ অপারেটিং অফিসার প্রিয়তোষ দাস তুষার ও চিফ টেকনোলজি অফিসার ইমতিয়াজ উদ্দিন রিয়াদ, ডিজিটাল ডট নেটের (ডিডিএন) হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. রবিউল হোসাইন রাকিব এবং নেটওয়ার্ক মেইনটেন্যান্স অ্যান্ড সাপোর্ট বিভাগের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী আবদুল হাই খান।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের সুযোগ তৈরি করতে ইন্টার্নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতামূলক সম্পর্ক শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও শেখার মানসিকতা বজায় রাখার পরামর্শ দেন।

বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, তথ্যপ্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষ করে তুলতে হবে। নতুন প্রযুক্তি, পদ্ধতি ও কর্মপরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সেগুলো ব্যক্তিগত ও জাতীয় উন্নয়নে কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। প্রকৌশল অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. সাহীদ মো. আসিফ ইকবাল স্নাতক সম্পন্ন করার আগেই কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন এবং বাস্তব প্রকল্পে কাজের সুযোগ শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করে। এ ধরনের সুযোগ আরও সমপ্রসারণে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচবি ভিসির সাথে ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ ও মতবিনিময়
পরবর্তী নিবন্ধবিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে : এরশাদ উল্লাহ