পাঁচলাইশে ব্যবসায়ীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশে ব্যবসায়ীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. হাবিবুল্লাহ খান মানিক (৩৮)। গত মঙ্গলবার দিবাগত রাতে বাকলিয়া থানাধীন ইছহাকের পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ মডেল থানার ওসি মোজাম্মেল হক এ তথ্য জানান। জানা গেছে, গত ২৩ অক্টোবর দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে পাঁচলাইশ মডেল থানার বিবিরহাট কাঁচাবাজার রোডের সলিমুল্লাহ শাহ মসজিদ সংলগ্ন সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী এস এম রফিকুল ইসলাম আতুরার ডিপো এলাকার দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে দুই ব্যক্তি ধারালো ছোরা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, মাত্র ১১ সেকেন্ডে ব্যবসায়ী রফিকুল ইসলামের ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। থানা পুলিশ জানায়, ঘটনা পরবর্তী ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা তদন্তে মো. হাবিবুল্লাহ খান মানিককে শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচাটগাঁইয়্যা নওজোয়ানের লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান
পরবর্তী নিবন্ধমাইশার রুহের মাগফিরাত কামনায় আইআইইউসিতে দোয়া মাহফিল