ফিফা অনূর্ধ্ব–১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে আলো ছড়িয়ে দেশে ফিরেই পুরস্কার পেয়েছেন বায়েজিদ–রাতুলরা। বাদ যাননি কোচ, কোচিং স্টাফরাও। ই–টায়ারে রানার্সআপ হওয়া দলের সবাইকে এক লাখ টাকা করে পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ অনূর্ধ্ব–১৫ দলকে আরও তিন লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় কিশোরদের। এরপর বাফুফে ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড় ও কোচিং স্টাফের হাতে পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তরুণদের সামনের পথটা মসৃণ করে দেওয়ার আহ্বানও জানান তিনি। আজারবাইজানের বাকুতে পাঁচ ম্যাচে একটি জয়, দুটি ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে, পঞ্চম হয়ে বাছাই শেষ করে বাংলাদেশ। এরপর ‘ই’ টায়ারের খেলায় টানা চার জয় পান বায়েজিদ–রাতুলরা। ফাইনালে তারা ৪–১ গোলে হেরে যান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বিপক্ষে। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাছাই শুরুর পর, পর্তুগালের বিপক্ষে ৩–১ ব্যবধানে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সাথে ১–১ ড্র করে তারা। এরপর, বুরুন্ডির বিপক্ষে ২–০ গোলে হারের পর, ফিজিকে বিপক্ষে ৩–১ ব্যবধানে জেতে দল। শেষ বত্রিশের লড়াই নির্ধারিত সময়ের খেলা ১–১ সমতায় শেষের পর, সিশেলসের বিপক্ষে টাইব্রেকারে ৪–২ গোলে জয় পায় বাংলাদেশ। শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১–১ সমতায় শেষের পর, টাইব্রেকারে ৪–৩ গোলে জেতে দল। কোয়ার্টার–ফাইনালে মন্টেনেগ্রোকে ৪–০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর, সেমি–ফাইনালে গ্যাবনকে ১–০ গোলে হারিয়ে ই–টায়ারের ফাইনালে উঠে বাংলাদেশ।











