চট্টগ্রামে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিস্কুট, কেক ও পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন এবং বিক্রির পাশাপাশি পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহারের দায়ে নগরের দুটি বেকারি মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নগরের চকবাজার এলাকায় পরিচালিত অভিযানে দোহা ফুড মালিককে ১৫ হাজার টাকা এবং মস্কো বেকার্স মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, কাপাসগোলা রোডের দোহা ফুড বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই বিস্কুট, কেক ও সুইটমিটসের একাধিক ধরনের পণ্য বাজারজাত করছিল। একই সঙ্গে পণ্যের মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮–এর ৩০ ধারায় প্রতিষ্ঠান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গুলজার মোড়ের মস্কো বেকার্স সিএম লাইসেন্স ছাড়াই বিস্কুট ও ব্রেডের বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছিল। পাশাপাশি শন পাপড়ির মোড়কে মানচিহ্ন ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। বিএসটিআই আইন, ২০১৮–এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ২৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে প্রতিষ্ঠান দুটিকে সংশ্লিষ্ট সব ধরনের পণ্যের জন্য দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স এবং মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) সন্দীপন ভট্টাচার্য্য ও পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার।











