আসন্ন জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহেল উদ্দিন সুমন-এর পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে জুঁইদন্ডী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ বাজার, রাস্তার মোড় ও গ্রামগুলোতে নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যান চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহেল উদ্দিন সুমন। গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণসংযোগ শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহেল উদ্দিন সুমন বলেন, ‘আমি এই এলাকারই সন্তান। আপনাদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। দল-মত নির্বিশেষে যদি আপনারা আমাকে কাজের সুযোগ দেন, তবে এই অঞ্চলকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল এলাকা হিসেবে গড়ে তুলব।’
তিনি আরও আশ্বাস দেন যে, নির্বাচিত হলে এলাকার অবহেলিত রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী ও যুবসমাজের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় আগত সাধারণ মানুষ ও ভোটাররা প্রার্থীর যোগ্যতা ও সামাজিক দূরদর্শিতার প্রশংসা করে নির্বাচনে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন।











