বংশীবাদক আজিজুল ইসলামের বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ দর্শক

| রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

নাগরিক জীবনের কর্মব্যস্ততা ও কোলাহল থেকে স্বল্প সময়ের জন্য বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ হয়ে সবাই হারিয়ে যায় বংশীবাদন সন্ধ্যার শৈল্পিক আয়োজনে। উপমহাদেশের কিংবদন্তি বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম তাঁর বাঁশির সুর মূর্ছনার ইন্দ্রজাল বুনে বিমোহিত করেন শ্রোতাদের। গত শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ক্লাবের উদ্যোগে এই বাঁশি সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। ওস্তাদ আজিজুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, বিগত ২০ বছর আগের স্মৃতিতে যদি ফিরে যান, তবে দেখতে পাবেন এই চট্টগ্রামের সবুজ পাহাড়, সমতল ভূমি, কর্ণফুলীর স্বচ্ছ পানি, বঙ্গোপসাগরের মোহনা ও হালদা নদী। অথচ আমরা খালের ওপর, নালার ওপর সুউচ্চ ভবন নির্মাণ করে এই নান্দনিক শহরটিকে ক্ষতবিক্ষত করে ফেলেছি। আজ আমরা বাঁশির সুরে আবার ফিরে যেতে চাই সেই আধুনিক চট্টগ্রামে– যেখানে শহর থাকবে কোলাহলমুক্ত, যানজটমুক্ত এবং সবুজ–নান্দনিক। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, তবে আমাদের এটি করতেই হবে। আপনারা যদি সাহস জোগান, তবে ইনশাআল্লাহ আমরা তা বাস্তবায়ন করতে পারব।

তিনি বলেন, আজকের এই সুরের আবহে আমরা আমাদের ফেলে আসা অতীতকে স্মরণ করি। একটা সময় সুর, বাঁশি, উচ্চাঙ্গ সংগীত, সংস্কৃতি, কবিতা আর খেলাধুলা জড়িয়ে ছিল আমাদের মননে। আজ আমরা তা হারিয়ে ফেলে সন্তানদের মাদকের দিকে ঠেলে দিচ্ছি। অথচ আজ বিকেলে চকবাজার, সানশাইন মাঠে একটি অনুষ্ঠানে গিয়ে দেখলাম কারাতে প্রতিযোগিতা– যেখানে আত্মরক্ষার কৌশল হিসেবে সন্ত্রাসীদের কীভাবে প্রতিহত করতে হয়, তা মেয়েরা শিখছে। এটি দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। তরুণ প্রজন্ম যেখানে বিপথগামী হচ্ছে, সেখানে এমন সুস্থ ও ইতিবাচক কার্যক্রমের মাধ্যমেই তাদের ঘরে ফিরিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, অর্থ সম্পাদক আবুল হাসনাত, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ ও কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী। অনুষ্ঠান শেষে ওস্তাদ আজিজুল ইসলামের হাতে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামেয়া আহমদিয়া সুন্নিয়ায় পাসের হার ৯৭.৬৮ শতাংশ
পরবর্তী নিবন্ধযমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন মো. মাহমুদুল হক