চট্টগ্রামের বিপনি বিতান মোড় এবং স্টেশন রোড় অত্যন্ত ব্যস্ততম এলাকা। প্রতিদিন শত শত লোক চাকরি ব্যবসা স্কুল কলেজে যাতায়াতের জন্য এ মোড় অতিক্রম করে চলাচল করতে হয়। কিন্তু বর্তমানে এ মোড়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্যে ভয়াবহ অবস্থা ধারন করেছে।এরা ফুটপাতে ওৎ পেতে থাকে, রিক্সা যাত্রীর ভ্যানিটি ব্যাগ বা জানালার পাশে বসা বাস যাত্রীর মোবাইল এক ঝটিকা থাবায় অদৃশ্য হয়ে যায়। চোখের পলকেই মোবাইল চুরি করে দৌড়ে মিলিয়ে যাওয়া– এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নহে, হরহামেশাই ঘটে থাকে। বিশেষ করে সন্ধ্যার পরে অপেক্ষমান যাত্রীদের টার্গেট করে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে ভিড়ের মধ্যে পালিয়ে যায়।তখন সংঘবদ্ধ ছিনতাইকারী দল ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তিকে সহানুভূতি দেখিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করে।দেখে বোঝাই যায় না এরাও ছিনতাইকারী দলের লোক!
শহরের প্রধান কেন্দ্রে জনসমাগম পূর্ণ এলাকায় এমন পরিস্থিতিতে জনগণের নিরাপত্তাহীনতা উদ্বেগজনক হারে বেড়েছে। ছিনতাই প্রতিরোধে এসব স্থানে পুলিশের নজরদারি বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সক্রিয় ছিনতাইকারী চক্রকে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সুকান্ত দেবনাথ
নাসিরাবাদ, চট্টগ্রাম।












