উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাতা সত্যেন সেন ও রণেশ দাশগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
এরপর কথামালা পর্বে সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি নাথ। আহ্বায়ক কমিটির সদস্য জয় সেনের সঞ্চালনায় বক্তব্য দেন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শীলা দাশগুপ্তা ও নওশাদ আলম চৌধুরী এবং সদস্য প্রবাল দে, বিধান বিশ্বাস, সুমন সেন, শিমুল সেন, মনীষ মিত্র চৌধুরী, মহিউল ইসলাম ও রমেন দাশগুপ্ত। কথামালায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শোষণমুক্ত অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রাম অব্যাহত রাখবে উদীচী। সাম্রাজ্যবাদ ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে উদীচীর কর্মীরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে। যখনই দেশে কোনো সংকট দেখা দেয়, তখনই উদীচী আলোকবর্তিকা হয়ে মানুষকে পথ দেখানোর চেষ্টা করে। দেশে আজ মুক্তিযুদ্ধ আক্রান্ত। মুক্তিযোদ্ধারা আক্রান্ত। উদীচী এর বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাবে। উদীচীর কর্মীরা সত্যেন–রণেশের আঁকা পথে আজ ঐক্যবদ্ধ। সংগ্রামের পথ থেকে উদীচী কর্মীদের বিভ্রান্ত করে বিচ্যুত করা যাবে না। সত্যেন–রণেশের পথেই চলবে উদীচী। এরপর সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।












