মা, তোমাকে খুব মনে পড়ে

হাবিবুল হক বিপ্লব | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:৩৪ পূর্বাহ্ণ

একদিন সকালে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে হঠাৎ মনে হলো, কেউ বুঝি পেছন থেকে ডাক দিয়ে বলবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ খাস না, একটু বসে দম নে। এত ঠান্ডা, কোট নিতে ভুলে গেছিস? দাঁড়া, এটাও সঙ্গে নিয়ে যা।

মুহূর্তের জন্য মনে হলো, মা বুঝি রান্নাঘর থেকে ডাকছে। কিন্তু পেছনে তাকিয়ে দেখি, কেউ নেই। যে ঘর একসময় মায়ের কণ্ঠে মুখর থাকত, সেখানে আজ শুধুই নিস্তব্ধতা।

মা, যে স্বাধীনতার জন্য তোমার সঙ্গে সারাজীবন লড়েছি, আজ সেই স্বাধীনতা আমার হাতে। নিজের ইচ্ছেমতো চলি, কেউ বাধা দেয় না, কেউ প্রশ্ন করে না। কিন্তু এখন বুঝি, সবকিছু নিজের মতো করে করতে পারার নামই সুখ নয়।

সকালে দেরিতে উঠলে কেউ বকে না। রাতে বাড়ি ফিরতে দেরি হলে কেউ দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করে না, কোথায় ছিলি এতক্ষণ? খাবার গরম করে রেখে জেগে বসে থাকে না কেউ। আমার জন্য দুশ্চিন্তা করে না, ভুল করলে শাসন করে না।

অথচ একসময় তোমার এসব বকাঝকায় কত বিরক্ত হতাম! বুঝিনি, প্রতিটি অভিযোগের আড়ালে লুকিয়ে ছিল গভীর ভালোবাসা। আমার জন্য তোমার নির্ঘুম রাত, দুশ্চিন্তা আর চোখের জলের মূল্য বুঝতে আমার এত দেরি হলো কেন, মা?

আজ জীবনে অর্থ আছে, সাফল্য আছে, নিজের মতো করে বাঁচার স্বাধীনতা আছে। শুধু নেই এমন একজন মানুষ, যার কাছে পৃথিবীর সব সাফল্য নিয়েও ছোট্ট শিশু হয়ে ফিরে যেতে পারি। যে আমার ব্যর্থতায় আমার চেয়েও বেশি কষ্ট পাবে, আর ভুল করলে নির্দ্বিধায় বকাঝকা করবে। তুমি চাইতে, তোমার ছেলে জীবনে অনেক বড় হোক। ভালো চাকরি করুক, উন্নতি করুক। অথচ সেই উন্নতির জন্য যখন বাড়ি ছেড়ে দূরে চলে যেতে হয়েছে, হয়তো সবার আড়ালে চোখের জল ফেলেছ। মুখে বলেছ, ভালো থাকিস বাবা, অনেক বড় হোস। নিজের কষ্টটুকু কখনো বুঝতে দাওনি।

আজ সত্যিই আমি অনেক দূর এগিয়েছি, মা। তোমার দেখা স্বপ্নের অনেকটাই পূরণ হয়েছে। শুধু আমার এই সাফল্যের গল্পগুলো শোনার মানুষটা নেই। ফিরে তাকালে দেখি, কেউ নেই। শুধু স্মৃতি আর তোমাকে হারানোর অপূরণীয় শূন্যতা।

মা, জীবনে অনেক কিছু পেয়েছি। শুধু তোমাকে আর ফিরে পাইনি। যত দিন যাচ্ছে, ততই বুঝতে পারছি–স্বাধীনতা চেয়েছিলাম, পেয়েছি; সাফল্য চেয়েছিলাম, পেয়েছি। শুধু তোমার বকুনি, তোমার আদর আর তোমার সেই মায়াভরা ডাকটা আর কোনো দিন ফিরে পাব না। মা, তোমাকে খুব মনে পড়ে।

লেখক : প্রাবন্ধিক

পূর্ববর্তী নিবন্ধকিশোর অপরাধের রাশ টানতে হবে এখনই
পরবর্তী নিবন্ধহুসনুল খাতিমাহ : ঈমানের সঙ্গে সুন্দর মৃত্যু লাভের বিশেষ আমল