রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে একটি ইটভাটার চিমনি ও কিলন এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। একই এলাকার আরেকটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান–উল–ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তর সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে বানিয়াখোলার মেসার্স খাজা আজমির ব্রিকস ম্যানুফ্যাকচারিং নামের ইটভাটার চিমনি ও কিলন ভেঙে দেওয়া হয়। পাশের মেসার্স খাজা ব্রিকস ম্যানুফ্যাকচারিং নামের আরেকটি ইটভাটাকে পরিবেশগত ছাড়পত্র ও আইনি শর্ত ভঙ্গের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও কর্মকর্তা কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় এসআরবি–০৭ চট্টগ্রাম, আনসার সদর দপ্তর ও রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ অভিযানে সহায়তা করে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












