উখিয়ার ইনানীতে সৈকতে গোসলে নেমে মো. শান্ত (১৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার কেরানীগঞ্জের মাদ্রাসার শিক্ষার্থী। এ সময় পানিতে ভেসে যাওয়া আরও ১৫ শিক্ষার্থীকে উদ্ধার করেন বিচ কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সৈকতের দক্ষিণ অংশে এ ঘটনা ঘটে। তার বাড়ি কেরানীগঞ্জে বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ইনানী সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান জানান, দুপুর ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের একটি মাদ্রাসার ১৬ শিক্ষার্থী ইনানী সৈকতে যায়। সৈকতের চুনাপাথরের ওপর কিছুক্ষণ বসে থাকার পর তারা দক্ষিণ অংশের পানিতে গোসলে নামে। এ সময় বড় ঢেউয়ের ধাক্কায় সবাই পানিতে তলিয়ে যায়। বিচ কর্মীরা তল্লাশি চালিয়ে ১৫ জনকে উদ্ধার করেন। পরে সাগরের গভীর থেকে শান্তর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, শান্তর মরদেহ উদ্ধার করে কঙবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কঙবাজার শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে মেরিন ড্রাইভের পাশে ইনানী সৈকত। এই সৈকতে পর্যটকদের গোসলে নামা নিষিদ্ধ। এর আগে চলতি ২১ অক্টোবর বিকেলে কঙবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে পাঁচ পর্যটকের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা সবাই ছিলেন ঢাকার বাসিন্দা। তাদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।











