চট্টগ্রাম নগরীকে সব ধর্ম–বর্ণের মানুষের জন্য নিরাপদ, সুন্দর ও সমপ্রীতির নগরীতে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, আমি এমন একটি রংধনু শহর গড়ে তুলতে চাই, যেখানে সব ধর্ম, বর্ণ ও মতের মানুষ মিলেমিশে শান্তি, সমপ্রীতি ও সমান অধিকার নিয়ে বসবাস করবেন। গতকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীকে গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি হিসেবে গড়ে তোলা তাঁর অন্যতম লক্ষ্য। একটি শহর তখনই প্রকৃত অর্থে সুন্দর ও বাসযোগ্য হয়ে ওঠে, যখন সব ধর্ম ও বর্ণের মানুষ নিরাপদে চলাফেরা করতে পারেন, নিজেদের মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করেন এবং সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারেন।
নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে না পারা আমার জন্য দুঃখজনক। তাই চট্টগ্রামকে একটি নিরাপদ, মানবিক ও সমপ্রীতির নগরী হিসেবে গড়ে তুলতে চাই। তিনি সব সমপ্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি সাম্য, সৌহার্দ্য ও বন্ধনের শহর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পার্থ প্রতীম বড়ুয়া (অপু), সহ–সভাপতি সাগর বড়ুয়া (ববি), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, সহ–সাধারণ সম্পাদক অনন্ত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক কমল জ্যোতি বড়ুয়া, দপ্তর সম্পাদক ইন্দ্রজিৎ বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক চৈতী বড়ুয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












