প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিএ (অনার্স) ৪৯তম ব্যাচ ও স্নাতকোত্তর (এমএ) ৪৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে (অডিটোরিয়াম) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম। ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীদের আগামী দিনের প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বিভাগের প্রভাষক মো. মেহেদী রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। –প্রেস বিজ্ঞপ্তি।











